২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর অপরাধনামা

একাত্তরে ৩ হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, ধর্ষণ, লুটপাট এবং ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে 'দেইল্লা রাজাকার' নামে চিনতো পিরোজপুরের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 04:49 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে ৩ হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে 'দেইল্লা রাজাকার' নামে চিনতো তার এলাকার লোকজন। এসব অভিযোগের মধ্যে ২০টি বিবেচনায় নিয়ে সোমবার প্রথম ব্যক্তি হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিচার শুরুর দিন ঠিক হয়েছে আগামী ৩০ অক্টোবর। অবশ্য কাঠগাড়ায় দাঁড়িয়ে সাঈদী অভিযোগ গঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগই 'মিথ্যা'। যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা ১৫টি খণ্ডে ৪ হাজার ৭৪ পৃষ্ঠার প্রতিবেদনে সাঈদীর বিরুদ্ধে এসব অপরাধের অভিযোগ আনে। এর মধ্যে সুনির্দিষ্ট ২০টি ঘটনা আমলে নিয়ে অভিযোগ গঠনের আদেশে আদালত বলে, "প্রতিবেদন অনুযায়ী সাঈদী সে সময় পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকার বাহিনীর সদস্য ছিলেন। তার বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, হিন্দুদের জোর করে ধর্মান্তর করানো, লুটতরাজসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। এসব অপরাধ সংঘটিত হয় বরিশাল জেলার তৎকালীন পিরোজপুর মহকুমায়।" আদেশে বলা হয়, "একাত্তরের ৪ মে শান্তিবাহিনীর সদস্য হিসাবে মধ্য সদর উপজেলার মধ্য মাছিমপুর বাসস্ট্যান্ডের পেছনে ২০ জন বেসামরিক বাঙালির জড়ো হওয়ার খবর পাকিস্তানী বাহিনীকে আপনি দিয়েছেন। তারা পৌঁছানোর পর পরিকল্পিতভাবে আপনি ওই বাঙালিদের হত্যা করেছেন। এর মাধ্যমে আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩(২)১ অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ করেছেন।" একইদিন সাঈদী তার সহযোগীদের নিয়ে পাকিস্তানী বাহিনীর সহযোগিতায় মাছিমপুর হিন্দুপাড়ায় আক্রমণ চালিয়ে বিজয় কৃষ্ণ মিস্ত্রী, উপেন্দ্রনাথ মিস্ত্রী, সুরেন্দ্রনাথ মিস্ত্রী, মতিলাল মিস্ত্রী, যজ্ঞেশ্বর মণ্ডল, সুরেন মণ্ডলসহ ১৩ ব্যক্তিকে গুলি করে হত্যা করেন। ওইদিন মাছিমপুর হিন্দু পাড়ায় মনীন্দ্র পসারী ও সুরেশচন্দ্র মণ্ডলের বাড়ি পুড়িয়ে দেয় সাঈদী ও তার সহযোগীরা। এরপর কালিবাড়ি, মাছিমপুর, পালপাড়া, শিকারপুর, রাজারহাট, ডুমুরতলা, কালামতোলা, নওয়াবপুর, আলমকুঠি, ডুকিগাথি, পারেরহাট এবং চিংড়াখালিতে হামলা চালায়। একইদিনে সদর থানার এলজিইডি ভবন ও ধোপাবাড়িরে সামনে দেবেন্দ্রনাথ মণ্ডল, যোগেন্দ্রনাথ মণ্ডল, পুলিন বিহারী ও মুকুন্দ বালাকে হত্যা করে রাজাকার বাহিনীর লোকজন। আদালতের অভিযোগে বলা হয়েছে, একাত্তরের ৫ মে পিরোজপুরের এসডিও ফয়জুর রহমান আহমেদ, এসডিও মো. আব্দুর রাজ্জাক, ডেপুটি ম্যাজিস্ট্রেট সাঈফ মিজানুর রহমানসহ কয়েকজনকে আটক করে নদীর পাড়ে নিয়ে গিয়ে সাঈদীর উপস্থিতিতে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যার পর লাশ নদীতের ভাসিয়ে দেওয়া হয়। শহীদ ফয়জুর রহমান আহমেদ দেশের জনপ্রিয় দুই লেখক হুমায়ূন আহমেদ ও জাফর ইকবাল এবং কার্টুনিস্ট আহসান হাবীবের বাবা। আদালত বলেন, "৭ মে আপনি শান্তিবাহিনীর একদল লোক নিয়ে পাকিস্তানী আর্মিকে নিয়ে আসেন। তারা পারের হাট বাজারে আওয়ামী লীগ নেতা, হিন্দু স¤প্রদায়ের লোকজন এবং স্বধীনতার সমর্থকদের দোকান এবং বাড়িতে হামলা চালায়। সেখানে মুকুন্দ লাল সাহার দোকান থেকে বাইশ সের স্বর্ণ ও রৌপ্য আপনি লুট করেছেন।" ৮ মে বেলা দেড়টায় সদর থানার ভাদুরিয়া গ্রামে মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে তার বাবা নুরুল ইসলাম খানকে ধরে নিয়ে পাকিন্তানি সেনাদের হাতে তুলে দেন সাঈদী। এরপর ওই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। "একইদিন বেলা ৩টায় আপনার নেতৃত্বে আপনার সাঙ্গপাঙ্গরা পাক বাহিনীর সহায়তায় চিতলিয়া গ্রামের মানিক পসারীর বাড়িতে হানা দিয়ে তার ভাই মফিজ উদ্দিন ইব্রাহিমসহ দুই ব্যক্তিকে ধরে নিয়ে যান। সেখানে পাঁচটি বাড়িতে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন। আপনি চিনিয়ে দেওয়ায় পাকিস্তানি বাহিনী ইব্রাহিমকে গুলি করে হত্যা করে। পরে পারের হাট বন্দরে হিন্দু স¤প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া হয়।" ইব্রাহীমের ভাই মানিক পসারী ২০০৯ সালের ১২ অগাস্ট সাঈদীর বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় যুদ্ধাপরাধের মামলা করেন। ওই মামলা পরে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। আদালত বলেন, "২ জুন সকাল নয়টায় আপনার নেতৃত্বে একদল লোক নলবুনিয়ায় আব্দুল হালিম বাবুলের বাড়িতে হামলা চালিয়েছেন। সে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। একইদিন সকাল ১০টায় আপনার নেতৃত্বে আপনার সহযোগিরা উমেদপুর হিন্দু পাড়ায় চিত্তরঞ্জন তালুকদার, জহর তালুকদার, হারেন ঠাকুর, অনীল মন্ডল, বিসাবালী, সুকাবালী, সতিশবালার বাড়িসহ ২৫টি বাড়িতে হামলা চালান। বিসবালীকে নারিকেল গাছের সঙ্গে বেধে হত্যা করা হয়েছে। আপনি সরাসরি ওইসব কাজে অংশ নিয়েছেন। "একইদিন টেংরাখালির মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদারের বাড়িতে হানা দিয়ে তার ছোট ভাই আব্দুল মজিদ হাওলাদারকে ধরে নিয়ে নির্যাতন করেছেন। নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সম্পদ লুট করেছেন।" সাঈদী ও তার সঙ্গীরা স্বাধীনতা যুদ্ধের সময় পারেরহাট বাজার হিন্দুপাড়ার হামলা চালিয়ে হরলাল মালাকার, অরো কুমার মির্জা, তরনিকান্ত শিকদার, নন্দকুমার শিকদারসহ ১৪ হিন্দুকে ধরে নিয়ে একরশিতে বেঁধে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। মুক্তিযুদ্ধ শুরুর দুই-তিন মাস পর নলবুনিয়ায় আজহার আলীর বাড়িতে হানা দিয়ে তাকে ছেলেসহ ধরে এনে নির্যাতন করে সাঈদীর রাজাকার বাহিনীর লোকজন। সাহেব আলীকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। "যুদ্ধের শেষ দিকে ৫০ থেকে ৬০ জন রাজাকার আপনার নেতৃত্বে হোগলাবুনিয়ায় হিন্দুপাড়ায় হামলা চালায়। ১ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে হোগলাবুনিয়া গ্রামের মধুসুধন ঘরামীর স্ত্রী শেফালী ঘরামীকে আটক করে ধর্ষণ করেছেন। হিন্দুপাড়ায় আগুন দিয়েছেন। "আপনার নেতৃত্বে যুদ্ধের শেষ দিকে যে কোনো এক দিন ১৫-২০ জনের একটি দল হোগলাবুনিয়া গ্রামে আক্রমণ চালিয়ে তরণী সিকদার ও তার ছেলে নির্মল সিকদার, শ্যামকান্ত সিকদার, বানীকান্ত সিকদার, হরলাল শিকদর, প্রকাশ সিকদারসহ ১০ জনকে বেঁধে গুলি চালিয়ে হত্যার পর নদীতে লাশ ফেলে দেওয়া হয়।" পাড়েরহাট বন্দরের উমেদপুর গৌরাঙ্গ সাহার বাড়িতে হামলা চালিয়ে তার তিন বোন মহামায়া, অন্যরাণী ও কমলা রাণীকে পাক হানাদারদের হাতে তুলে দেয় মাওলানা সাঈদীর লোকজন। সেখানে তারা টানা তিনদিন ধর্ষণের শিকার হন। "আপনি এই অপরাধ সংগঠনের সঙ্গে জড়িত", আদালত বলেন। "স্বাধীনতা যুদ্ধকালে আপনি অন্য সহযোগীদের সঙ্গে বিপদ সাহার মেয়ে ভানু সাহাকে নিজ বাড়িতে আটকে নিয়মিতভাবে ধর্ষণ করেছেন।" আদেশে বলা হয়, ভাগিরথি নামে এক নারী পাকিস্তানী সেনাক্যাম্পে কাজ করতেন। পাকিস্তানি বাহিনী সম্পর্কে মুক্তিযোদ্ধাদের তথ্য দেওয়ার অভিযোগে সাঈদী তাকেও আটক করে নির্যাতন করেন। পরে তাকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। "স্বাধীনতাযুদ্ধকালে আপনি মধুসুদন ঘরামী, কৃষ্ট সাহা, ডা. গণেশ সাহা, অজিত কুমার শীল, বিপদ সাহা, নারায়ণ সাহা, গৌরাঙ্গ পাল, সুনীল পাল, নারায়ণ পাল, অমূল্য হালদার, শান্তি রায়, হরি রায় জুরান, ফকির দাস, টোনা দাস, গৌরাঙ্গ সাহা, হরিদাস, গৌরাঙ্গ সাহার মা ও তিন বোন মহামায়া, অন্যরাণী ও কামাল রাণীসহ ১০০/১৫০ জন হিন্দুকে জোর করে ধর্মান্তর করেছেন।" আদালত সাঈদীকে বলেন, "নভেম্বর মাসের কোনো একদিন ইন্দুরকানি গ্রামের তালুকদার বাড়িতে হামলা করে ৮৫ ব্যক্তিকে আটক করেন। সেখানে পুরুষদের নির্যাতন এবং খগেন্দ্রনাথ সাহার মেয়ে দীপালি, স্ত্রী নিভারাণী, রাজবল্লভ সাহার মেয়ে মায়ারাণীকে পাকিস্তানী সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন। তারা সেখানে ধর্ষণের শিকার হয়।" অভিযোগ পড়ে শোনানোর পর আদালতের অনুমতি নিয়ে প্রায় আট মিনিট বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী। তিনি বলেন, "আমার বিরুদ্ধে চার সহস্রাধিক পৃষ্ঠার একটি রচনা তৈরি করা হয়েছে। এর প্রতিটি লাইন মিথ্যা, প্রতিটি শব্দ মিথ্যা। এটি সব মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা।" এরপর আদালত ২০টি অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন করে এবং আগামী ৩০ অক্টোবর এ মামলার শুনানি শুরুর তারিখ দেয়। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬া। এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২১১৪ ঘ.