২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত নড়াইলে

মুক্তিযুদ্ধের সময় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে হত্যার অভিযোগসহ নড়াইলে সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

নড়াইল, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে হত্যার অভিযোগসহ নড়াইলে সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। মঙ্গলবার বিকালে চার সদস্যের তদন্ত দল নড়াইল যায়। বিকাল ৪টার দিকে তারা শহরের পানি উন্নয়ন বোর্ড কার্যালয় এলাকার ভেতরে একটি গণকবর এবং পরে জজ আদালতের কাছে একটি বধ্যভূমি পরিদর্শন করেন। তদন্ত দলের নেতৃত্বে থাকা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, "স্বাধীনতা যুদ্ধের সময় পিরোজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট নড়াইলের সাঈফ মিজানুর রহমান হত্যার সঙ্গে দেলাওয়ার হোসাইন সাঈদীর জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।" ১৯৭১ সালের ৫ মে মিজানুরকে হত্যা করা হয় বলে জানান তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গত ২৯ জুন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করে পুলিশ। একইদিন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদও গ্রেপ্তার হন। পরবর্তীত সময় তাদের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনারে সোপর্দ করা হয়। হেলাল উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত বিভিন্ন অপরাধের তদন্ত করতে তারা নড়াইলে এসেছেন। তদন্তকাজ চলছে। তদন্ত দলের বাকি তিন সদস্য হলেন- পুলিশ পরিদর্শক নূর হোসেন, আতাউর রহমান ও কনস্টেবল প্রবীর ভট্ট্রাচার্য। বিকাল ৫ টার দিকে শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন তদন্ত দলের সদস্যরা। এ সময় মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন অপরাধের বর্ণনা দেন মুক্তিযোদ্ধারা। সন্ধ্যায় তদন্ত দলের সদস্যরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১৫৮ ঘ.