২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচারে মার্কিন সমর্থন থাকবে: মরিয়ার্টি

যুদ্ধাপরাধ বিচারে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

খুলনা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ বিচারে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। মরিয়ার্টি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হতে হবে। তবে তা হতে হবে আন্তর্জাতিক মানের।" সোমবার নগরীর খুলনা ক্লাবে আমেরিকা সপ্তাহ উদ্বোধনের আগে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার হিসেবে উল্লেখ করে দুই দেশের বিভিন্ন সহযোগিতামূলক কর্মসূচির কথা তুলে ধরেন। মরিয়ার্টি বলেন, "আমাদের মধ্যে একটি দীর্ঘস্থায়ী আন্তরিক সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমরা উন্নয়ন সহায়তা হিসেবে ৫৮০ কোটি ডলারের বেশি দিয়েছি। ২০১০ সালে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে পৌঁছেছে। আমাদের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর লাখ লাখ বাংলাদেশির জীবিকা নির্ভর করে। আমরা এই দৃঢ় অংশীদারিত্ব বজায় রাখতে চাই।" জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে বাংলাদেশের অবদান এক নম্বরে। এছাড়া পাকিস্তান এবং হাইতিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সব এলাকার সমষ্টিগত উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেন। মরিয়ার্টি বলেন, "বাংলাদেশকে এগিয়ে যেতে হলে অন্য অঞ্চলের মতো খুলনাকেও সামনে এগিয়ে নিতে হবে। এখানে অবস্থিত গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর যথাযথ ব্যবহার করে এবং ব্যবসা বাণিজ্যের প্রসারের মাধ্যমে খুলনা তার উদ্যোগী মনোভাব ও অভিনবত্বের বিকাশ ঘটিয়ে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।" সংবাদ সম্মেলন শেষে মার্কিন রাষ্ট্রদূত আমেরিকা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং খুলনা ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, ইউএসএআইডির মিশন পরিচালক ডেনিস রলিন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/পিডি/১৮১২ ঘ.