ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত তদন্ত সংস্থা চলতি মাসেই একটি প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
বৃহস্পতিবার বিকালে ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, "ট্রাইব্যুনাল তাদের কাজের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন। এ জন্য কোনো সহযোগিতার প্রয়োজন হলে তবেই তারা আমাদের সঙ্গে আলোচনা করে।"
তিনি বলেন, "একাত্তরের গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজ অনেক দূর এগিয়ে গেছে। আশা করা যায়, জানুয়ারির মধ্যেই তারা একটি প্রতিবেদন জমা দেবে।"
এক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, ট্রাইব্যুনাল তাদের কাজে ব্যাপারে স্বাধীন। তাদের নিয়োগ বা বদলিও তারাই করছে। এ ব্যাপারে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
সংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ট্রাইব্যুনাল ভবনের নিচতলায় আইন কমিশনের অফিস কক্ষগুলো দ্বিতীয় তলায় স্থানান্তরের বিষয়ে কমিশনের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।
শুক্রবার থেকেই কক্ষগুলো ট্রাইব্যুনাল ব্যবহার করবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/২৩০৬ ঘ.
bdnews24