২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের তদন্ত দল আবারো চট্টগ্রামে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আরো তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2011, 05:03 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আরো তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছেছে। তদন্ত কর্মকর্তারা রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। বৈঠকের পর তদন্ত দলের প্রধান ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধ বিষয়ে অধিকতর তদন্তের জন্য আমরা পাঁচ দিনের সফরে চট্টগ্রাম এসেছি।" প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন পুলিশ সুপার (এসপি) নুরুল ইসলাম এবং পুলিশের পরিদর্শক ওবায়দুল্লাহ ও ইদ্রিস আলী। রাণা দাশগুপ্ত বলেন, "তদন্তকারী সংস্থা যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ট্রাইব্যুনালে প্রতিবেদন দিতে না পারছে, ততক্ষণ বিচার শুরু করা যাবে না।" গত সেপ্টেম্বরে ট্রাইব্যুনালের একটি তদন্ত দল চট্টগ্রাম সফর করে। সে সময় রাউজান উপজেলার কুণ্ডেশ্বরী ঔষধালয়, উনসত্তর পাড়া, নগরীর ডালিম ভবন, পাহড়তলী বধ্যভূমি ও ফয়'স লেক বধ্যভূমি পরিদর্শন করেন তদন্তকারীরা। এবারের সফরে তদন্ত দল কোথায় কোথায় যাবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "তদন্তের প্রয়োজনে যেখানে যেতে হয়, আমরা সেখানেই যাব। যার সাথে কথা বলতে হয়, বলব। যা দেখতে হয় তা দেখব। তবে তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়।" এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সহায়তা চেয়ে তিনি বলেন, "চট্টগ্রাম ছাড়ার আগে তদন্তের সারমর্ম আপনাদের জানাব।" সালাউদ্দিন কাদের চৌধুরী ও মীর কাশেম আলীর বিষয়ে আরো তদন্ত হবে কি না জানতে চাইলে রাণা দাশগুপ্ত বলেন, "সুস্পষ্টভাবে কারো নাম উল্লেখ করতে চাই না। তদন্ত যখন হচ্ছে, তখন সার্বিকভাবেই তা করা হবে।" চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি (সদর) ময়নুল ইসলাম ও সহকারী কমিশনার (বিশেষ শাখা) মেজবাহ উদ্দিন তদন্ত দলের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/১০৫১ ঘ.