নেত্রকোনা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগের অভিযোগে নয়জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে নেত্রকোনার আদালতে।
বৃহস্পতিবার বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন জেলার আটপাড়া উপজেলা সুখারী গ্রামের মুক্তিযোদ্ধা বিধান কুমার সরকার সজীব।
শুনানি শেষে হাকিম মো. হুমায়ুন কবীর মামলাটি আমলে নিয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন।
মামলার আসামিরা হলেন- একই উপজেলার হেদায়েত উল্লাহ (আঞ্জু), এনায়েত উল্লাহ, আবুল ফজল, কাঞ্চন মিয়া, ছোরাপ আলী, রঞ্জু মিয়া, জজ মিয়া ও তুলু মিয়া।
মামলায় অভিযোগ করা হয়, মুক্তিযুদ্ধের সময় হেদায়েত উল্লাহর নেতৃত্বে এলাকায় শান্তি কমিটি গঠন করেন। এই কমিটি পাকিস্তানি হানাদার বাহিনীর সহায়তায় মুক্তিকামী মানুষের বাড়ি-ঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়।
১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর মদন থানার পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প থেকে হেদায়েত উল্লাহ তার দলবল নিয়ে ৪/৫টি নৌকায় করে আটপাড়ার সুখারী গ্রামে আসে। তারা বিধান সরকারের বাড়ি ঘরে হামলা ও লুটপাট করে আগুন দেয়।
এ সময় হানাদাররা দীনেশ সরকার, শৈলেশ সরকার, মনোরঞ্জন বিশ্বাস, পলু দে, তারেক দে, দুর্গা শংকর ও প্রফুল্লাবালা সরকারকে তুলে নিয়ে যায়।
পরে তাদের হাত-পা বেঁধে মগড়া নদীর পাড়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে লাশ মগড়া নদীতে ফেলে দেয়।
বাদিপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাফায়েত আহমেদ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24