ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশের বাইরে থেকে বিচারক ও পর্যবেক্ষক নিয়োগের জন্য সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বিশ্বমানের বিচার নিশ্চিত করতে যুদ্ধাপরাধ বিষয়ক মার্কিন অ্যাম্বাসেডরের কাছে তিনি এই সুপারিশ করেন।
বাংলাদেশ সফররত যুদ্ধাপরাধ বিষয়ক মার্কিন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্টিফেন জে র্যাপের সাথে মঙ্গলবার বিকালে বার সমিতির সম্মেলন কক্ষে মতবিনিময় করেন মাহবুব হোসেন। পরে তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন' "আমরা এ বিচারের বিরুদ্ধে নই। এজন্য সরকারকে দেশে-বিদেশে গ্রহণযোগ্য ও বিশ্বমানের বিচার নিশ্চিত করতে হবে।"
খন্দকার মাহবুব হোসেন বলেন, "বর্তমানে যারা এ বিচারের দায়িত্বে রয়েছেন, এ ধরণের বিচারে তাদের কোন পূর্ব অভিজ্ঞতা নেই। তাই তাদের মাধ্যমে বিচার করলে গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিতে পারে। একারণে বিশ্বমানের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেশের বাইরে থেকে বিচারক এবং পর্যবেক্ষক নিয়োগ করা যেতে পারে।"
বিচার প্রক্রিয়াকে নিরপেক্ষ করতে বর্তমান 'ইভিডেন্স অ্যাক্ট' বাতিল করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি-জামায়াতপন্থী এই আইনজীবী।
মতবিনিময় সভায় বিএনপি-জামায়াতপন্থী শীর্ষস্থানীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেএমএস/১৯১৩ ঘ.
bdnews24