২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় নতুন ২ কর্মকর্তা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরো দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরো দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন, পুলিশের অবসরপ্রাপ্ত সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল হান্নান খান ও সাবেক আইজি এম সানাউল হক। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। ওই দুইজনকে তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এ নিয়ে তদন্ত সংস্থার সদস্য সংখ্যা দাড়ালো ২০। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ বিচারে গত বছরের ২৫ মার্চ গঠিত হয় ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল। ওই দিন সাবেক অতিরিক্ত সচিব আবদুল মতীনের নেতৃত্বে গঠিত হয় সাত সদস্যের তদন্ত সংস্থা। পরে একাত্তরে গণহত্যায় মদদদাতা বলে অভিযুক্ত ও স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াত ইসলামী সমর্থক ছাত্রদের সংগঠন ইসলামী ছাত্রসংঘের একটি সংগঠনের সঙ্গে সম্পর্কের থাকার অভিযোগ ওঠে আবদুল মতীনের বিরুদ্ধে। এ প্রেক্ষিতে গত ৫ মে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। ইসলামী ছাত্রসংঘের কর্মীদের নিয়ে গঠিত আল-বদর বাহিনীর বিরুদ্ধে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যায় পাকিস্তানি বাহিনীদের সহযোগিতার অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিসি/পিডি/১৯৪৪ ঘ.