ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধপরাধের বিচারে প্রয়োজনে আরো ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'মহাজোট সরকারের দিন বদলের দুই বছর: ভিশন ২০২১' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, "২০১১ সালের মধ্যেই চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার শেষ করা হবে। তড়িঘড়ি করার কিছু নেই। প্রয়োজনে আরো দুই-তিনটি ট্রাইব্যুনাল গঠন হতে পারে।"
তিনি বলেন, "২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার তদন্ত এবং সাকা চৌধুরীকে গ্রেপ্তারের পর খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ডে তার মুখোশ উন্মোচিত হয়ে গেছে।"
আগামীতে বিএনপির ক্ষমতায় আসার সব পথ রুদ্ধ হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, "সরকারের দুই বছরের সাফল্যে দিশেহারা হয়ে খালেদা জিয়া পাগলের প্রলাপ বকছেন।"
বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট এন্ড সিকিউরিটিজ স্টাডিজ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. কামরুল হাসান খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি একেএম আজম খান, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সভাপতি হুমায়ন কবীর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ সংবাদ সংস্থার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আজিজুল ইসলাম ভূইয়া, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এমএ বারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেবি/কেএমএস/২১১৬ ঘ.
bdnews24