২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭২-৭৫ এর নথি নিলো অপরাধ ট্রাইবুনাল

মানবতাবিরোধী অপরাধ তদন্তে ১৯৭২-৭৫ সাল পর্যন্ত প্রকাশিত বিভিন্ন বাংলাদেশি সংবাদপত্র, সরকারি তথ্য বিবরণী ও গেজেটের ডিভিডি সংগ্রহ করেছে অপরাধ ট্রাইবুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধ তদন্তে ১৯৭২-৭৫ সাল পর্যন্ত প্রকাশিত বিভিন্ন বাংলাদেশি সংবাদপত্র, সরকারি তথ্য বিবরণী ও গেজেটের ডিভিডি সংগ্রহ করেছে অপরাধ ট্রাইবুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আইনজীবী প্যানেল তথ্য অধিদফতর থেকে এগুলো সংগ্রহ করে বলে বুধবার এক তথ্য বিবরণীতে জানানো হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণ খুঁজে বের করতে এসব সংবাদপত্র, তথ্য বিবরণী ও গেজেট ব্যবহার করবে ট্রাইবুনাল। তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের জ্যেষ্ঠ আইনজীবী গোলাম আরিফ টিপুর নেতৃত্বে একটি দল প্রধান তথ্য কর্মকর্তা হারুন-উর-রসিদের কাছ থেকে ডিভিডি সংগ্রহ করেন। এর মধ্যে ১৯৭২, ১৯৭৩ ও ১৯৭৫ সালের তথ্য বিবরণী এবং ১৯৭৪ ও ১৯৭৫ সালের গেজেট রয়েছে। সংবাদপত্রের মধ্যে রয়েছে ১৯৭২ থেকে ১৯৭৫ সালে প্রকাশিত দৈনিক বাংলা, দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ অবজারভার। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ বিচারের উদ্যোগ নেয়। এ জন্য গত বছরের ২৫ মার্চ গঠিত হয় ট্রাইবুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল। ইতোমধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামী ও বিএনপির কয়েকজন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/ু১৮৩৩ ঘ.