২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে সাত 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুটপাটের অভিযোগে সাত 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে ঝালকাঠির আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

বরিশাল, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুটপাটের অভিযোগে সাত 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে ঝালকাঠির আদালতে। মঙ্গলবার জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি দায়ের করেন রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের আবদুল মান্নান হাওলাদার। হাকিম নুসরাত জাহান রাজাপুর থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আসামিরা হলেন- একই গ্রামের আবদুল মান্নান বাবুর্চি, আবদুল খালেক বাবুর্চি, আবদুল সালেক বাবুর্চি, হারুন অর রশিদ বাবুর্চি, নৈকাঠি গ্রামের বেলায়েত হোসেন জোমাদ্দার, মিল্লাত জোমাদ্দার এবং দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মো. আমানউল্লাহ। মামলায় তাদের রাজাকার বলে উল্লেখ করা হয়। মামলার নথি থেকে জানা যায়, ১৯৭১ সালের ২৭ জুলাই আসামিরা পাকিস্তানি সেনাবাহিনীসহ আবদুল মান্নান হাওলাদারের বাড়ি যায়। তাকে না পেয়ে তার ঘরে লুটপাট করে এবং তার ভাই মোহাম্মদ আলীকে ধরে নিয়ে কাউখালী লঞ্চঘাট এলাকায় গুলি করে হত্যা করে। রাজাপুর থানার ওসি এসএ খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার খবর পেয়েছি। আদালতের কাগজপত্র পৌঁছলে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০০০ ঘ.