২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালের বৈধতা চ্যালেঞ্জ আবেদনের শুনানি বৃহস্পতিবার

স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর কারাবন্দি শীর্ষ পাঁচ নেতার দায়ের করা আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 03:22 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর কারাবন্দি শীর্ষ পাঁচ নেতার দায়ের করা আবেদনের ওপর বৃহস্পতিবার শুনানি হবে। জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, দুই সহকারী সেক্রেটারি জেনারেল এম কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা বুধবার বিচারপতি শরিফউদ্দিন চাকলাদার ও বিচারপতি ফজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চে পৃথকভাবে অবেদন পাঁচটি দায়ের করেন। জামায়াতে ইসলামীর কারাবন্দি এই পাঁচ নেতার পক্ষে ব্যারিস্টার ইমরান সিদ্দিক আবেদনগুলো দায়ের করেন। এরপর আদালত শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। এরপর বিভিন্ন অভিযোগে নিজামী, মুজাহিদ, সাঈদী, কামারুজ্জামান ও কাদেরকে গ্রেপ্তারের পর পুরান হাইকোর্টে স্থাপিত এ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাদেরকে কারাগারে রাখার নির্দেশ দেয়। তাদের বিরুদ্ধে ঢাকার পল্লবী ও কেরানীগঞ্জ থানায় মুক্তিযোদ্ধা হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/০৯১৯ ঘ.