ময়মনসিংহ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
বুধবার ময়মনসিংহের ১ নম্বর আমলী আদালতে মামলাটি করেন ঘাতক দালাল নির্মূল কমিটি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোব্ধা আব্দুর রব।
তিনি ফখরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন। তবে রাষ্ট্রদ্রোহের মামলা চালাতে হলে সরকারের অনুমোদন লাগে।
জেলার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম হাবিবুল্লাহ মামলাটি আমলে নিয়ে কোতয়ালি মডেল থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ফখরুল ইসলাম জামায়াত নেতা মতিউর রহমান নিজামীসহ অন্যদের মামলা পরিচালনাকালে মহান মুক্তিযুব্ধ, বাংলাদেশের স্বধীনতা, সংবিধান ও সরকারকে অস্বীকার করেন।
গত ২২ সেপ্টম্বর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির এক পর্যায়ে তিনি বলেন, একাত্তর সালে যুব্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের।
তার এ বক্তব্যের সমালোচনা এসেছে বিভিন্ন মহল থেকে। আইনমন্ত্রী শফিক আহমেদ এর প্রতিক্রিয়ায় বলেন, তিনি (ফখরুল) বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যরা বলেন, ফখরুলের এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।
একই অভিযোগে নওগাঁ ও টাঙ্গাইলে ফখরুলের বিরুদ্ধে আরো দু'টি মামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24