২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচার নিয়ে আবার প্রশ্ন তুললো বিএনপি

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের ইঙ্গিতের পর দলটি তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে আবার প্রশ্ন তুলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 11:34 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের ইঙ্গিতের পর দলটি তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে আবার প্রশ্ন তুলেছে। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার বলেছেন, "আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরকারের গঠিত একটি বিশেষ ট্রাইব্যুনাল। সরকার সেখানকার তদন্ত সংস্থা নিয়োগ দিয়েছে। দলীয় আইনজীবীরা তাতে নিয়োগ পেয়েছেন। সরকার যা চাইবে, এই সংস্থা তাই করবে।" "তাই এরকম বিশেষ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীর সুষ্ঠু বিচার করা কঠিন হবে। সেখানে ন্যায়বিচার পাওয়া যাবে কি না, তা নিয়ে আমাদের আশঙ্কা রয়েছে", বলেন তিনি। এর একদিন আগেই চট্টগ্রামে বিভিন্ন গণহত্যার স্থান এবং একাত্তরে শহীদ পরিবারের সদস্যদের সাক্ষ্য নেওয়ার পর ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্য জেয়াদ আল মালুম ইঙ্গিত দিয়েছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের উদ্যোগও তারা নেবেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত অভিযোগে এর আগে বিএনপির জোট শরিক জামায়াতে ইসলামীর শীর্ষ দুই জনসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন বিএনপি মহাসচিব পাবনায় সরকারি কর্মকর্তাদের ওপর সরকারি দলের নেতা-কর্মীদের হামলারও নিন্দা জানান। দেলোয়ার বলেন, "পাবনায় নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের পর তারা (সরকারি দল) আবার মিছিল নিয়ে আদালত হাজির হয়েছে। তাদের লজ্জাও করে না। এ সংবাদ প্রকাশ হয়েছে বলে সরকারি দল গণমাধ্যমের মালিকদের হুমকি দিচ্ছে।" ২১ অগাস্ট মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব সাইফুল ইসলাম ডিউকের ওপর নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ অগাস্ট ঘটনার সম্পর্কে দেওয়া বক্তব্যের সমালোচনা করে দেলোয়ার বলেন, "এটা প্রধানমন্ত্রীর একটি পাবলিসিটি কৌশল। সেখানে জোট সরকারের বিরুদ্ধে কথা বলেছেন উদ্দেশ্য হাসিলের জন্য। এভাবে সাক্ষ্য প্রমাণ ছাড়া বক্তৃতা দিয়ে কাজ হবে না।" সংবাদ সম্মেলনে দেলোয়ারে সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, ঢাকা আইনজীবী সমিতি সানাউল্লাহ মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭১৭ ঘ.