২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা-মীর কাসেমকে গ্রেপ্তারের ইঙ্গিত

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মীর কাসেম আলীকেও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের এক সদস্য। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 07:53 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মীর কাসেম আলীকেও গ্রেপ্তারের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের এক সদস্য। দুদিন ধরে চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের স্থান এবং বিভিন্ন জনের সাক্ষ্য নেওয়ার পর ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্য জেয়াদ আল মালুম শনিবার বলেছেন, "ফজলুল কাদের চৌধুরীর পরিবার, তার ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা মীর কাসেম আলীর যুদ্ধাপরাধের বিষয়টি ট্রাইব্যুনালের তদন্তে উঠে এসেছে।" দুপুরে চট্টগ্রাম ডাক বাংলোয় (সার্কিট হাউসে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং কয়েকটি টেলিভিশনকে তিনি একথা বলেন। সালাউদ্দিন কাদের ও জামায়াতের কার্যনির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীকে গ্রেপ্তার করা হবে কি না- জানতে চাওয়া হলে অ্যাডভোকেট জেয়াদ জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে বলেন, "এর আগে পাঁচজনের বিরুদ্ধে যে উদ্যোগ নেওয়া হয়েছিলো, তাদের বিরুদ্ধে একই প্রক্রিয়া গ্রহণ করা হবে।" এর আগে একই স্থানে প্রেস ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের প্রধান গোলাম আরিফ টিপু বলেন, "চট্টগ্রামে যে লক্ষ্য নিয়ে তদন্ত করতে এসেছি, তাতে আমরা সন্তুষ্ট।" তবে কার কার একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিষয়ে সাক্ষ্য এসেছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে চাননি তিনি। টিপু বলেন, "রাউজান ও চট্টগ্রাম মহানগরীর বেশ কয়েকটি স্থান পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ ও তাদের বক্তব্য নিয়েছি। আমরা ঢাকায় ফিরে গিয়ে তা ট্রাইব্যুনালে জমা দেব। আদালত ন্যায়নিষ্ঠভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।" যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের গ্রেপ্তার করা হবে কি না- সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল।" এর আগে সকালে গোলাম আরিফ টিপুর নেতৃত্বে ট্রাইব্যুনালের তদন্ত দল একাত্তরে চট্টগ্রাম নগরীতে পাকবাহিনী ও রাজাকারদের ক্যাম্প হিসেবে ব্যবহৃত বিভিন্ন ভবন ও বধ্যভূমি পরিদর্শন এবং বিভিন্ন জনের সাক্ষ্য নেয়। তদন্ত দল শুক্রবার চট্টগ্রামের রাউজানের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালায়। সেখানে একাত্তরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দলের সদস্যরা। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগের পক্ষেও সাক্ষ্য মিলছে বলে জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে '৭১ এ কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যার অভিযোগ তদন্ত দলকে জানান তার ছেলে প্রফুল্ল চন্দ্র সিংহ। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করে ট্রাইব্যুনালের ক্ষমতা ও গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন। তবে সালাউদ্দিন কাদের শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, তার বাবা মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরী একাত্তরে অখণ্ড পাকিস্তানের পক্ষ নিলেও তিনি তখন রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না। '৭১-এর মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ীদের সাজা দিতে গত ২৫ মার্চ বিচারক প্যানেল, আইনজীবী প্যানেল ও তদন্ত কর্মকর্তাদের নাম ঘোষণা করলে বহু প্রতীক্ষিত এই বিচার প্রক্রিয়া শুরু হয়। এরপর গ্রেপ্তার করা হয় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৭৪৫ ঘ.