২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বধ্যভূমি ও নির্যাতন কেন্দ্রে তদন্ত দল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল একাত্তরে চট্টগ্রাম নগরীতে পাকবাহিনী ও রাজাকারদের ক্যাম্প হিসেবে ব্যবহৃত বিভিন্ন ভবন ও বধ্যভূমি পরিদর্শন এবং বিভিন্ন জনের সাক্ষ্য নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 06:36 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল একাত্তরে চট্টগ্রাম নগরীতে পাকবাহিনী ও রাজাকারদের ক্যাম্প হিসেবে ব্যবহৃত বিভিন্ন ভবন ও বধ্যভূমি পরিদর্শন এবং বিভিন্ন জনের সাক্ষ্য নিয়েছে। তদন্ত দলের সদস্যরা শনিবার সকালে নগরীর তিনটি স্থান পরিদর্শন করেন। সকাল ৯টায় আন্দরকিল্লার টেলিগ্রাফ হিল রোডের মহামায়া ডালিম ভবনে যায় তদন্ত দল। একাত্তরে ডালিম হোটেল নামে পরিচিত এ ভবনটি নির্যাতন কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো। অভিযোগ রয়েছে, তখন এ কেন্দ্রটির তত্ত্বাবধান করতেন তৎকালীন ইসলামী ছাত্র সংঘের নেতা মীর কাসেম আলী। এখানে নির্যাতিত চট্টগ্রাম জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি প্রয়াত সাইফুদ্দিন খানের স্ত্রী নূরজাহান খান ও শ্যালক রেজা আহমেদ সিদ্দিকীর সাক্ষ্য নেওয়া হয়। মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য নূরজাহান খান তদন্ত দলকে জানান, একাত্তরের ২৫ নভেম্বর রাতে পশ্চিম মাদারবাড়ি থেকে তার স্বামীসহ মোট সাত জনকে ধরে নিয়ে আসা হয়। তাদের এ ভবনে রেখে নির্যাতন করা হয়। একাত্তরে বন্দি সাইফুদ্দিনের সঙ্গে দেখা করতে যেতেন তার শ্যালক রেজা আহমেদ সিদ্দিকী। তিনি তদন্ত দলকে বলেন, তার ভগ্নিপতির চোখ ও হাত সব সময় বাঁধা থাকতো। রেজা বলেন, রাজাকার বাহিনীর বেশ কয়েকজন তরুণকে তিনি সেখানে দেখতেন। তবে কাউকেই তিনি চিনতেন না। ওই এলাকার বাসিন্দা সুশোভন বিশ্বাস তদন্ত দলকে বলেন, "আমরা শুনেছি একাত্তরে এখানে প্রতিরাতে অনেককে ধরে এনে মেরে ফেলা হতো। তারপর সকালের আগেই লাশ সরিয়ে ফেলা হতো।" তদন্ত দল এরপর যায় খুলশী থানার পাহাড়তলী বধ্যভূমিতে। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গাজী সালেহউদ্দিন বলেন, একাত্তরের ১০ নভেম্বর পাঞ্জাবি লেনের বাড়ি থেকে তার বাবা আলী করিম, চাচা আলী হোসেনসহ চার জনকে এনে হত্যা করা হয়। ওই পাড়া থেকে মোট ১২০ জনকে ধরে আনা হয়েছিলো। "এটি (বধ্যভূমি) টিলার মতো জায়গা ছিলো। রক্ত জমে এখানকার মাটি কালো হয়ে গিয়েছিলো", বলেন তিনি। সালেহউদ্দিন জানান, বধ্যভূমির কাছের ঝাউতলা রেল স্টেশনের নাজিরহাট এবং দোহাজারী লাইনের ট্রেন থামিয়ে যাত্রীদের নামিয়ে এনে এখানে জবাই করা হতো। তিনি তদন্ত দলকে বলেন, "বাবাকে বাঁচানোর জন্য আমার ছোট ভাই আমীর খসরু মাহমুদ চৌধুরীর (বিএনপি নেতা) বাবা তৎকালীন শান্তি কমিটির চেয়ারম্যান মাহমুদুন্নবী চৌধুরীর কাছে যায়। কিন্তু কোনো ফল হয়নি।" কাজী আমিনুল ইসলাম নামে ওই এলাকার আরেক বাসিন্দা তদন্ত দলকে জানান, তার বড় ভাই কাজী আনোয়ার হোসেন ও তাকে ধরে আনা হয়েছিলো। "একজনের সহযোগিতায় আমরা পালাতে পেরেছিলাম। কিন্তু আমাদের সঙ্গে ধরে আনা আরো কমপক্ষে ৪০ জনকে হত্যা করা হয়েছিলো", বলেন তিনি। পাহাড়তলী থেকে তদন্ত দল যায় ফয়'স লেক এলাকায় যায়। অধ্যাপক গাজী সালেহউদ্দিন জানান, মুক্তিযুদ্ধের পর লেকের পূর্ব পাড়ে (বর্তমানে কনকর্ড গ্র"প নির্মিত ফ্যান্টাসি কিংডম পার্ক এলাকায়) রেলওয়ের একটি লগ হাউসে নারীদের ব্যবহৃত কাপড়-চোপড়, জুতো, ভ্যানিটি ব্যাগ প্রভৃতি দেখতে পেয়েছিলেন তিনি। লেকের পাশের একটি নালা থেকে উদ্ধার করেন ১১/১২টি কঙ্কাল। একাত্তরে এ লেকের পূর্ব ও পশ্চিম পাশে বিহারি কলোনী ছিলো। এখানে যাদের হত্যা করা হয়েছে তারা বেশির ভাগই ছিলেন নারী। তদন্ত দল শুক্রবার চট্টগ্রামের রাউজানের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালায়। সেখানে একাত্তরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন দলের সদস্যরা। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একাত্তরে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগের পক্ষেও সাক্ষ্য মিলছে বলে জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/এমআই/১২৩০ ঘ.