পিরোজপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)- পিরোজপুরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।
বুধবার তদন্ত দলের প্রধান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. হেলাল জেলার সার্কিট হাউজে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের পৃথক দুটি মামলায় অপরাধ সংঘটনের স্থান পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ শেষে তিনি এ কথা বলেন।
প্রধান তদন্ত কর্মকর্তা বলেন, "দু'টি মামলায় ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এবং ১৭টি বধ্যভূমি ও গণকবর পরিদর্শন করা হয়েছে। এছাড়া বিভিন্ন শ্রেণী-পেশার ৩৮ জন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলা হয়েছে।"
গত ১৮ ও ১৯ অগাস্ট এবং ২০ ও ২১ সেপ্টেম্বর দুই দফায় এ তদন্ত কাজ চালানো হয়।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাঈদীকে গ্রেপ্তার করা প্রয়োজন উল্লেখ করে গত ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত আবেদন জানায় তদন্ত দল। জামায়াত নেতাকে গ্রেপ্তার রাখার আবেদনের শুনানি এখন ট্রাইব্যুনালে চলছে।
সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সময় গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে জিয়ানগর ও সদর উপজেলায় দু'টি মামলা হয়।
এর মধ্যে সদর উপজেলার বাদুরা গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা সইজউদ্দীন পশারীর ছেলে মানিক পশারী গত ২০০৯ সালের ১২ অগাস্ট মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে সাঈদীসহ পাঁচ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
একই বছরের ৩১ অগাস্ট জিয়ানগর উপজেলার টেংরাখালী গ্রামের জমিরউদ্দিনের ছেলে মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম একই অভিযোগে সাঈদী ও তার ভাই মোস্তফা সাঈদীসহ চারজনের বিরুদ্ধে অপর মামলাটি করেন।
এক প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা জানান, মামলার দুই বাদি মানিক পশারী ও মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলমকে আসামিরা হুমকি দেওয়ায় ওই দুই থানার ওসিকে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গ্রেপ্তার করা হয়।
তদন্ত দলের প্রধান মো. হেলাল বলেন, একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের অন্যান্য স্থানের মতো পিরোজপুরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ্যাক্ট ১৯৭৩ এর ৩(২) ধারার অপরাধ সংগঠিত হয়েছে।
তিনি জানান জিয়ানগর, স্বরূপকাঠী (নেছারাবাদ) ও সদর উপজেলায় তদন্তে ১৭টি বধ্যভূমি ও গণকবরের সন্ধান পাওয়া গেছে। এ সব বধ্যভূমিতে প্রায় ৫ হাজার মানুষকে গণকবর দেয়া হয়েছে।
এর আগে তিনি গত ২০ সেপ্টেম্বর মোট ১২টি বদ্ধভূমির কথা জানিয়ে পিরোজপুরে মুক্তিযুদ্ধের সময় ২৯ হাজার ৯০৬ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে বলে জানান।
তদন্ত দল বুধবার জরুরি কাজে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে জানিয়ে তিনি বলেন, তদন্ত কাজ অব্যাহত থাকবে।
সংবাদ ব্রিফিংয়ে তদন্ত দলের অপর তিন সদস্য- সিআইডির ইন্সপেক্টর ওয়ায়দুল্লাহ, নূর হোসেন ও শাহজাহান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24