২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে অপরাধ তদন্ত দলের দ্বিতীয় দিন

পিরোজপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল মঙ্গলবার কয়েকটি বধ্যভূমি পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

পিরোজপুর, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল মঙ্গলবার কয়েকটি বধ্যভূমি পরিদর্শন ও সাক্ষ্য গ্রহণ করেছে। তদন্তের দ্বিতীয় দিন দলের সদস্যরা স্বরূপকাঠী উপজেলার কুড়িয়ানা পেয়ারা বাগান ও কুড়িয়ানা আর্য সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আটটি বধ্যভূমি পরিদর্শন ও ২০ জনের সাক্ষ্য গ্রহণ করেন। গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) হেলাল উদ্দিনের নেতৃত্বে চার সদস্যের তদন্ত দল প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, শহীদ পরিবারের সদস্য ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বধ্যভূমি ও গণকবর পরিদর্শনের সময় শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মুক্তিযুদ্ধে পাকসেনা ও রাজাকার-আলবদরদের হত্যা, লুণ্ঠন ও যুদ্ধাপরাধের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন তদন্ত দলের কাছে। তারা তদন্ত দলকে জানান, বিভিন্ন বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের সময় তিন হাজারের বেশি মানুষকে হত্যা করে গণকবর দেওয়া হয়। ওই সময়ের বধ্যভূমিতে হত্যার প্রত্যক্ষদর্শী বিথীকা রাণী (৬০) বলেন, রাজাকার চিত্ত মণ্ডল ও কাদের খানের নেতৃত্বে বহু লোককে ধরে এনে প্রকাশ্যে গুলি ও জবাই করে এখানে হত্যা করা হয়। এছাড়া স্বজনহারা আরো অনেকেই তদন্ত কমিটির কাছে সেই দিনগুলোর বর্ণনা দেন। পরে তদন্ত দল স্বরূপকাঠীর শর্ষিনা মাদ্রাসায় যান। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ড. সৈয়দ শরাফত আলী বলেন, ১৯৫৭ সালে ফাজিল পড়ার সময় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেলাওয়ার হোসাইন সাঈদীকে শর্ষিনা মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর তিনি কোথায় কখন পড়াশুনা করেছেন তা তাদের জানা নেই বলে জানান। তদন্ত দল বুধবার জেলার মঠবাড়িয়া উপজেলার সূর্যমণি বেড়িবাঁধ বধ্যভূমিসহ বিভিন্ন এলাকায় যাবে। তদন্ত দলের প্রধান এএসপি হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, এই তদন্ত একটি চলমান প্রক্রিয়া। মামলার স্বার্থে তদন্ত অব্যাহত থাকবে। তিনি বলেন, মামলার স্বার্থে প্রয়োজন তারা স্বরূপকাঠীতে আবারো যাবেন। এ সময় উপস্থিত ছিলেন তদন্ত দলের তিন সদস্য ওবায়দুল্লাহ, নূর হোসেন ও শাহজাহান এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক সেন্টুসহ আরো কয়েকজন। মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরসহ সংশ্লিষ্ট উপজেলাগুলোতে প্রায় ৩০ হাজার মানুষকে হত্যা করে জেলার বিভিন্ন স্থানসহ ১২টি বধ্যভূমিতে গণকবর দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২২ ঘ.