চাঁদপুর, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে ১৬ 'রাজাকার'র বিরুদ্ধে একটি মামলা হয়েছে চাঁদপুরের আদালতে।
মঙ্গলবার চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভিংড়া গ্রামের দুলাল চন্দ্র মজমুদার মামলাটি করেন জেলার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মো. মোরশেদ আলমের আদালতে।
আদালত শাহরাস্তি থানাকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আসামিরা হলেন- আলী আশরাফ (৭৫), মোখলেসুর রহমান (৭২), জয়নাল আবেদিন (৬৫), আবুল বাশার (৭০), হাবিবুর রহমান (৪৩), বাহার উ্িদ্দন (৩৫), আবু জাফর প্রকাশ চৌধুরী (৩০), রোকেয়া বেগম (৬৫), আফাজ উদ্দিন (৬৫), শামছুন নাহার (৫০), মমতাজ উদ্দিন (৫৭), আনু মিয়া (৩৫), মনির হেসেন (৩৮), সালেহ আহমদ (৩০), আক্তার হোসেন (৩৫) ও সালেহা বেগম (৫৫)।
তারা সবাই উপজেলার ভিংড়া গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে বাদীর আইনজীবী মো. সায়েদুল ইসলাম জানান, মুক্তিযুদ্ধ চলাকালে চারটি ভিন্ন ভিন্ন সময়ে বাদীর বাড়িতে আসামিরা হামলা চালায়।
বিবাদীদের সহযোগিতায় পাক হানাদাররা বাদীর বাবা যোগেশ চন্দ্র মজুমদার ও দাদা চন্দ্রমোহন মজুমদারকে ধরে নিয়ে যায়। তাদের হাজীগঞ্জ উপজেলার হামিদিয়া জুট মিলে নির্যাতনের পর যোগেশ চন্দ্রকে গুম করে।
এছাড়া আসামিরা বাদীর বসতঘরে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বাদীর এক বোনকে ধর্ষণ করে।
শাহরাস্তি থানার ওসি জামাল উদ্দিন চৌধুরী বলেন, তারা এখনো আদালতের নির্দেশনা পাননি। আদালতের কাগজপত্র পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩০ ঘ.
bdnews24