২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে সাঈদীকে

দুটি নির্ধারিত দিনে হাজির না করা গেলেও দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার হাজির করা হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 03:52 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি নির্ধারিত দিনে হাজির না করা গেলেও দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার হাজির করা হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার তৌহিদুল ইসলাম সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী দেলাওয়ার হোসাইন সাঈদীকে কারাগার থেকে আদালতে হাজির করা হবে কাল (মঙ্গলবার) সকাল ১০টায়। সেভাবে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।" ট্রাইব্যুনালে এদিন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার আবেদনগুলোরও শুনানির দিনও ঠিক রয়েছে। একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় জামায়াতের নায়েবে আমির সাঈদীকে গত ৫ আগস্ট গ্রেপ্তার দেখানো হয়। তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকেও আদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের নিবন্ধক শাহীনুর ইসলাম জানান, মঙ্গলবার সকালে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মো. নিজামুল হক, এটিএম ফজলে কবির ও একেএম জহির আহমেদ নেতৃত্বে আদালত বসবে। সাঈদীকে হাজিরের জন্য ট্রাইব্যুনাল প্রথম ১০ আগস্ট দিন ধার্য করেছিলো। কিন্তু সেদিন অসুস্থতার কারণে কারা কর্তৃপক্ষ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে হাজির করতে পারেনি। এরপর ২৪ আগস্ট হাজিরার নির্ধারিত দিনে আদালতের সংস্কার কাজের কারণে সাঈদীকে হাজির করানো যায়নি। সেদিন বিচারকরা চেম্বারে বসে ২১ সেপ্টেম্বর তাকে হাজির করতে আদেশ দেন। নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লাকে গত ২ অগাস্ট ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের চারজনকে এ মামলায় গ্রেপ্তার রাখার আদেশ দিয়ে কারাগারে পাঠায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ অগাস্ট ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ মামলায় আটক দেখানোর এক আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষে সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে ১০ অগাস্ট (মঙ্গলবার) হাজির করার আদেশ দেন। ১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এর ৩/২ ধারার অপরাধ তদন্তের স্বার্থে সাঈদীকে আটক দেখানোর জন্য ওই আবেদন জানানো হয়। এ ধারায় হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের কথা উল্লেখ রয়েছে। এর মধ্য দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে এই আদালতের বিচার কাজ শুরু হয়। সাঈদীর এলাকা পিরোজপুরে বর্তমানে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে বহু প্রতীক্ষিত এই বিচারের প্রক্রিয়া শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এমআই/২১৪৮ ঘ.