২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'গোলাম আজমের যুদ্ধাপরাধের প্রমাণ মিলেছে'

জামায়াতে ইসলামীর রাজনৈতিক গুরু গোলাম আজমের বিরুদ্ধে ১৯৭১ সালে যুদ্ধাপরাধ সংঘটনের 'যথেষ্ট' প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ একজন তদন্ত কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 12:57 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জামায়াতে ইসলামীর রাজনৈতিক গুরু গোলাম আজমের বিরুদ্ধে ১৯৭১ সালে যুদ্ধাপরাধ সংঘটনের 'যথেষ্ট' প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ একজন তদন্ত কর্মকর্তা। তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধীদের মূল নায়ক গোলাম আজমকে গ্রেপ্তারে প্রয়োজনীয় তথ্য প্রমাণাদির সিংহভাগই সংগ্রহ করতে পেরেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। তদন্ত সমাপ্ত হলেই এ সংক্রান্ত প্রতিবেদন তদন্তকারী দল প্রসিকিউশন শাখায় জমা দেবে বলে জানান তিনি। কবে নাগাদ এই প্রতিবেদন জমা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ''এটা সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়।'' ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি স্থানে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের মুক্তিযুদ্ধকালীন সময়ের কর্মকাণ্ডের তদন্তে ইতোমধ্যে তদন্ত দল জেলার বিভিন্ন স্থানে গিয়ে তথ্য প্রমাণাদি সংগ্রহ করেছে বলেও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে জামায়াতের চার শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এম কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ কারাবন্দি রাখার আদেশ দিয়েছে। দলটির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মঙ্গলবার সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থাকায় ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একাধিক মামলায় সাঈদী বর্তমান ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৮৫০ ঘ.