২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে কামারুজ্জামানের 'যুদ্ধাপরাধ' তদন্ত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের 'যুদ্ধাপরাধ' তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল ময়মনসিংহের বিভিন্ন স্থান পরিদর্শন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 11:54 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ময়মনসিংহ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের 'যুদ্ধাপরাধ' তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল ময়মনসিংহের বিভিন্ন স্থান পরিদর্শন করেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চার সদস্যের তদন্ত দল শহরের ছোটবাজারে গণকবর পরিদর্শনে যায়। পরে তারা সাহেব কোয়ার্টার, ডাকবাংলো ও কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বধ্যভূমি পরিদর্শন করেন। দুপুর ২টার দিকে তারা ওইসব স্থানে নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ শুরু করে। তদন্ত দলের চার সদস্য হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) অ্যাডভোকেট জেয়াদ আল মালুম, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মতিউর রহমান ও পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক খান। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ তদন্ত দল শেরপুরের বিভিন্ন স্থানে গণকবর এবং পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীর ক্যাম্প পরিদর্শন করে। সেদিন রাতেই তারা ময়মনসিংহে পৌঁছালে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া ও পুলিশ সুপারিনটেনডেন্ট খন্দকার গোলাম ফারুক তাদের স্বাগত জানান। পরে তারা ময়মনসিংহ সার্কিট হাউজ কনফারেন্স রুমে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য, যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম, আইনজীবী সমিতি, প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, শান্তিবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ সংঘটনের বিভিন্ন স্থান পরিদর্শনের সময়সূচি চূড়ান্ত করা হয়। পরে তদন্ত দল জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্টসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় গত ১৩ জুলাই জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে। গত ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/পিডি/১৭৫১ ঘ.