ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আটক চার নেতাকে ছাড়তে সরকারের কয়েক মন্ত্রণালয়ে ইমেইলে হুমকিদাতা মারুফ রায়হানকে তৃতীয় দফায় হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ।
মারুফকে তৃতীয় দফায় তিনদিন হেফাজতে জিজ্ঞাসাবাদে বৃহষ্পতিবার বিকালে আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন।
হেফাজত অনুমোদনের এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংশ্লিষ্ট আদালতের পুলিশ কর্মকর্তা শেখ ফরিদ।
জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে জুলাই মাসে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ঢাকার পল্লবী ও কেরানীগঞ্জ থানায় মুক্তিযোদ্ধা হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ওই চারজনের মুক্তি দাবি করে হুমকি দিয়ে ইমেইল করেন মারুফ।
জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার তার নয়দিন হেফাজত চান মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফরিদুজ্জামান। হেফাজত আবেদনে বলা হয়, মারুফ হুমকির কথা স্বীকার করেছেন। তার অন্য সহযোগীদের গ্রেপ্তারে তাকে আবারো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
এর আগে তাকে দুই দফায় ছয় দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জামায়াতে ইসলামীর আটক চার নেতাকে ঈদের আগে ছেড়ে না দিলে দেশের বিভিন্ন জায়গা, গুরুত্বপূর্ণ স্থাপনা একযোগে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়সহ কয়েকটি ঠিকানায় ইমেইলে হুমকি দেয়া হয় গত ২৫ অগাস্ট।
৬ সেপ্টেম্বর হুমকিদাতা হিসেবে মারুফকে নীলফামারীর সৈয়দপুরের নতুন বাবুপাড়ার মোড়ের একটি কম্পিউটার দোকান থেকে গ্রেপ্তার করা হয়।
পরদিন শাহবাগ থানায় এ ব্যাপারে ওই থানার উপ-পরিদর্শক মুহাম্মদ শাহজাহান একটি মামলা করেন। এর আগে একই থানায় এ বিষয়ে দুইটি জিডি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম/পিবি/পিডি/১৭১১ ঘ.
bdnews24