ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত কক্ষের সংস্কার কাজ শেষে ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম আবার শুরু হবে।
বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহিনূর ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, ২১ সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলওয়ার হোসাইন সাঈদীকে আদালতে হাজির করার নির্দেশ রয়েছে। একইদিন জামায়াতের শীর্ষ চার নেতার মামলার শুনানির দিনও ধার্য আছে।
গত ২৪ অগাস্ট সাঈদীকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা থাকলেও বিচার কক্ষের সংস্কার কাজের কারণে তা সম্ভব হয়নি।
ওইদিন বিচারপতি মো. নিজামুল হক, বিচারপতি এ টি এম ফজলে কবির ও বিচারপতি এ কে এম জহির আহমেদ চেম্বারে বসে ২১ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করার নতুন আদেশ দেন।
মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে গ্রেপ্তার সাঈদীকে গত ১০ অগাস্ট আদালতে হাজির করার নির্দেশ দেয়।
অসুস্থ থাকায় সেদিন কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করতে পারেনি। পরে আদালত তাকে ২৪ অগাস্ট হাজির করার আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএনএস/এইচএ/২০০৬ঘ.
bdnews24