২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানের 'যুদ্ধাপরাধ' খতিয়ে দেখছে তদন্ত দল

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে শেরপুরে যুদ্ধাপরাধ সংঘটনের বিভিন্ন স্থান পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 10:10 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

শেরপুর, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে শেরপুরে যুদ্ধাপরাধ সংঘটনের বিভিন্ন স্থান পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। বুধবার সকালে চার সদস্যের তদন্ত দল শহরের মাধবপুর এলাকার শনি মন্দিরে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আল বদর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেন। পরে তারা শহরের গৃদানারায়ণপুর এলাকায় নবারুণ পাবলিক স্কুল এবং মুক্তিযুদ্ধের সংগঠক ইমদাদুল হক হীরার বাসায় গণকবর পরিদর্শন করেন। তদন্ত দল রঘুনাথ বাজারের পুরোনো বানথিয়া ভবনে '৭১ সালে বদর বাহিনীর ক্যাম্প ও নয়ানি জমিদার বাড়ির রাজাকার ক্যাম্পের স্থানও পরিদর্শন করে। দুপুরে তারা নয়ানি বাজারে ব্যবসায়ী সুরেন্দ্র মোহন সাহার বাসভবনে ১৯৭১ সালে আলবদর-রাজাকারদের নির্যাতন সেল পরিদর্শন করেন। এ সময় কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেন তারা। এছাড়া সূর্য্যদী গণহত্যার স্থান, ঝিনাইগাতীর আহম্মদ নগরে পাক হানাদার বাহিনীর সদর দপ্তর, জগতপুর গণহত্যার ঘটনাস্থলসহ আরো কয়েকটি বধ্যভূমি পরিদর্শন করে তদন্ত দল। বিকেল সাড়ে ৫টার দিকে এ বিষয়ে তাদের একটি সংবাদ সম্মেলন করার কথা। তদন্ত দলের সদস্য অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কামারুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে সে বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না।" তদন্ত দলের অপর তিন সদস্য হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) অ্যাডভোকেট জেয়াদ আল মালুম, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট নূরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক খান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার সদস্যের এই তদন্ত দল মঙ্গলবার শেরপুরে পৌঁছে। সেদিন বিকালে তারা জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান ও ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য, যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, '৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, জেলা আইনজীবী সমিতি ও প্রেস ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় গত ১৩ জুলাই জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও কাদের মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে। এর আগে গত ২৯ জুন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬০০ ঘ.