ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত আরো গতিশীল করতে শিগগিরই পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পর্যায়ের (এডিশনাল আইজি) কর্মকর্তা নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী শফিক আহমেদ এ তথ্য জানান।
শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই এ নিয়োগ দেবে। এতে তদন্ত সংস্থার কার্যক্রম গতিশীল হবে বলে আমি আশাবাদী।''
আইনমন্ত্রী জানান, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের বিষয়ে তদন্ত সংস্থা কাজ করছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর বিচার শুরু হবে।
"দেশের মানুষ এবং যারা আইনের শাসনে বিশ্বাসী তারা চান- একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার হোক,'' বলেন শফিক আহমেদ।
১৯৭১-এর মানবতাবিরোধী অপরাধ বিচারে চলতি বছরের ২৫ মার্চ বিচারক প্যানেল ও তদন্ত কর্মকর্তাদের নাম ঘোষণা করে সরকার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল সংশ্লিষ্টদের নিরাপত্তা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "নিরাপত্তার ব্যাপারে যেসব হুমকির কথা বলা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাইবুনালের নিরাপত্তার জন্য সবকিছু করছে। এ ব্যাপারে কোনো ঘাটতি নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএম/পিডি/১৮১৩ ঘ.
bdnews24