ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে সরকার ও পুলিশ প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মারুফ রায়হানকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।
বুধবার ঢাকা মহানগর হাকিম ঈসমাইল হোসেন শুনানি শেষে মারুফের তিনদিন রিমান্ড মঞ্জুর করেন।
গোয়েন্দা পুলিশের উপ-পরিরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফরিদুজ্জামান ১০ দিন রিমান্ড আবেদন জানান।
মঙ্গলবার সকালে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে মারুফ রায়হান (৩০) কে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৫ অগাস্ট ৎধনবুধভরংযষরসরঃবফ@মসধরষ.পড়স ঠিকানা হতে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানা ঢ়ৎড়@সড়র.মড়া.নফ-তে এই হুমকি দেওয়া হয়।
এ সময় রমনা থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করা হয়।
৬ সেপ্টেম্বর (সোমবার) নীলফামারি জেলার শেরপুর থানার নতুনবাবু পাড়ার সাদ্দামমোড় এলাকার নিজ বাসা থেকে মারুফকে আটক করা হয়। তার বাবার নাম শফিকুল আলম মজনু।
জিজ্ঞাসাবাদে হুমকির চিঠি পাঠানোর ঘটনার সত্যতা স্বীকার করে বলে পুলিশের দাবি।
সৈয়দপুর থানার ওসি ইসমাইল হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মারুফ দুবাইতে চাকরি করতো। এরপর দেশে ফিরে এসে বিদেশে চাকরি দেওয়ার নামে সে বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করতো।
ওসি জানান, ছয় মাস আগে প্রতারণা সংক্রান্ত একটি মামলায় মারুফকে পুলিশ গ্রেপ্তার করে। ৮ দিন কারাগারে থেকে জামিনে মুক্ত হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24