বাগেরহাট, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাড়ি লুট, মারধর ও আগুন দেয়ার অভিযোগে ১৪ রাজাকারসহ অর্ধশতাধিক জনের বিরুদ্ধে বাগেরহাটে মামলা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারক হাকিম ইয়ারব হোসেনের আদালতে মামলা করেন বাগেরহাটের মংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ঢালিরখণ্ড গ্রামের ইজারাদার নজরুল ইসলাম।
মামলায় মৃত পাঁচজন রাজাকারকেও আসামী করা হয়।
অভিযোগে উল্লিখিত ১৪ রাজাকার হলেন, মংলা উপজেলার মিঠাখালী গ্রামের মো. আলতাফ শিকদার (৬৪), মৃত আবু বক্কর সিদ্দিক, মোস্তফা গোলদার (৬২), আব্দুল মান্নান (৬৫), হলদিবুনিয়া গ্রামের রশিদ মুন্সী (৬৫), সাহেবের মেঠ গ্রামের শেখ নূরুল হক খোকন (৬৭), মৃত আব্দুল জলিল শেখ, মৃত ডা. শেখ ওয়ালিউল্লাহ, মাদুরপাল্টা গ্রামের মোসলেম ফকির (৭০), রজব আলী সরদার (৬৪), ঢালির খণ্ড গ্রামের আব্দুর রহিম শেখ (৬৫), বকুলতলা গ্রামের জিন্নাত শেখ (৬০), রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের মৃত ইমান আলী ইজারদার ও মৃত আলী আশরাফ ইজারদার।
বাদী তার অভিযোগে বলেন, ১৯৭১ সালের ১২ অক্টোবর বেলা ১১টা নাগাদ মৃত রাজাকার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ৫০-৬০ জনের একদল সশস্ত্র রাজাকার বাদীর বাড়িতে ঢুকে লোহার সিন্দুক ও কাঠের আলমারী ভেঙে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল ও আসবাব এবং ১১টি মহিষ লুট করে। তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে মারধর করে এবং বাদীর পাঁচটি বসত ঘর ও এক হাজার দুই শত মন ধান বোঝাই পাঁচটি ধানের গোলায় আগুন দেয়। এতে বাদীর পঞ্চাশ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৫২ ঘ.
bdnews24