রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ বিষয়ক কর্মকাণ্ডে জড়িতদের সম্পর্কে তথ্য চেয়েছে এ সংক্রান্ত গঠিত কমিটি।
গত ২১ অগাস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ বিষয়ক কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে তথ্যানুসন্ধান ও প্রতিবেদন দেওয়ার জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটি এ আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনে সব দেশপ্রেমিক, স্বাধীনতা প্রিয় যেকোনো ব্যক্তির কাছে রাবিতে সংঘঠিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকলে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কমিটির কাছে জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব অধ্যাপক ফায়েক উজ্জামান।
কমিটির আহ্বায়ক অধ্যাপক জুলফিকার মতিন বলেন, নির্যাতিত ও শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী, বিভিন্ন সময়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হবে।
এ সময় কমিটির সদস্য অধ্যাপক তোফাজ্জল হোসেন তরফদার, আবুল কাশেম, সফিকুন্নবী সামাদী, আনন্দ কুমার সাহা, চৌধুরী সারওয়ার জাহান, মলয় কুমার ভৌমিক, ড. ছাদেকুল আরেফিন মাতিন, ড. মাহবুবা কানিজ কেয়া উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর হাতে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক, নয় ছাত্র এবং ১৫ জন কর্মচারী শহীদ হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৫ ঘ.
bdnews24