ব্রাহ্মণবাড়িয়া, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামায়াতের সাবেক আমির গোলাম আজমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি দল ব্রাহ্মণবাড়িয়া এসেছে।
রোববার দুপুর ৩টায় ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছানোর পর দলটি জেলা প্রশাসক আব্দুল মান্নানের সঙ্গে বৈঠক করে।
তদন্ত দলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মতিউর রহমান সাংবাদিকদের জানান, গোলাম আজমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় শিরু মিয়া ও তার ছেলেকে হত্যার অভিযোগ তদন্ত করবেন তারা।
তবে এই হত্যাকাণ্ড কোথাও ঘটেছে, তারা কোথায় কোথায় তদন্ত কাজ করবেন এসব ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি পুলিশ কর্মকর্তা মতিউর রহমান।
তিনি জানান, তারা কয়েকদিন ব্রাহ্মণবাড়িয়ায় থাকবেন। বিভিন্ন স্থানে যাবেন এবং লোকজনের সঙ্গে কথা বলবেন। কাজ শেষ হওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মতিউর বলেন, গোলাম আজমসহ যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের সবার বিরুদ্ধে তদন্ত হবে।
তদন্ত দলের অন্য সদস্যরা হলেন- শ্যামল চৌধুরী ও প্রবীর ভট্টাচার্য।
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তাকারী আলবদর ও আল শামসসহ রাজাকারদের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতের সাবেক এই শীর্ষ নেতার বিরুদ্ধে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশে জামায়াতের আমির ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন নীতিনির্ধারক গত মাসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, গোলাম আজম গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।
ওই সময় গোলাম আজম জানিয়েছিলেন, এ বছর ২৭ এপ্রিল সরকার তার পাসপোর্ট জব্দ করেছে।
জামায়াতের আরেক শীর্ষস্থানীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে পিরোজপুরে করা দুটি মামলা তদন্তে গত ১৮ অগাস্ট তিন সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা দুদিন ধরে সাক্ষীদের জবানবন্দি নথিভুক্ত করাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার বিচার কাজও শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৭ ঘ.
bdnews24