ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যে আইনে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে- ১৯৭৩ সালের সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টকে 'ডেড' বা 'মৃত' বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।
আইনে যে সংশোধনী আনা হয়েছে তা সংবিধানের ৪৭ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেছেন সাবেক এই আইনমন্ত্রী।
তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার আর্ন্তজাতিক মানসম্পন্ন ও স্বচ্ছ করতে হলে সরকারকে অবশ্যই ওই আইনে আবারো সংশোধনী আনতে হবে।"
লেবার পার্টির উদ্যোগে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত 'ট্রানজিটের নামে করিডোর: জাতীয় নিরাপত্তা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, "১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট করা হয়েছিলো যুদ্ধের সময়ে পাকিস্তানি ১৯৫ জন বন্দি যুদ্ধাপরাধীর বিচারের জন্য। পরে যুদ্ধবন্দিদের ফেরত দেওয়া হয়েছে। ওই আইনটি এখন ডেড'ল বা মৃত আইন। এছাড়া কোলাবরেটর বা দালালদের জন্য একটি পৃথক দালাল আইন করা হয়েছিলো। তা এখন নেই।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার স্বাধীনতা যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচারের জন্য গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিলে এই বিচার প্রক্রিয়া শুরু হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আরো বলেন, "সরকার ঋণ চুক্তি করে জনমতের বিরুদ্ধে ভারতকে ট্রানজিট দিতে তৎপর হয়ে উঠেছে। এই ট্রানজিট দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।"
বিএনপি নেতা খালেদা জিয়া রমজানের পর নতুন কৌশলে সরকারের বিরুদ্ধে কর্মসূচি দেবেন উল্লেখ করে মওদুদ বলেন, "আমরা এমন কর্মসূচি দেবো, যাতে দেশের অর্থনীতি ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু সরকার অস্বস্তির মধ্যে পড়বে। আমরা হরতালের মতো কর্মসূচি দেবো না।"
সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে গতি আনতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
লেবার পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাংসদ হামিদুর রহমান খান আযাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/কেএমএস/১৭০৬ ঘ.
bdnews24