ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি রাষ্ট্র নয়, দেশের প্রধান বিরোধী দলই যুদ্ধাপরাধীদের বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই অভিযোগ করেন।
দীপু মনি বলেন, "যত বাঁধাই আসুক যুদ্ধাপরাধীদের বিচার সরকার সম্পন্ন করবেই।"
১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালনকে বিকৃত রুচির মানসিকতা বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
দীপু মনি বলেন, "চিহ্নিত যুদ্ধাপরাধীদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কারা বসিয়েছে, তা দেশের মানুষের কাছে পরিষ্কার। কেবল তাই নয়, তারা জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকারীদের বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে বর্হিবিশ্বের কাছে দেশকে একটি খুনী রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে।
"তারা পাকিস্তানি আদলে জয় বাংলার পরিবর্তে পাকিস্তান জিন্দবাদ, বাংলাদেশ বেতারের বদলে রেডিও বাংলাদেশ ইত্যাদি নামকরণ করেছে।"
বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তন করে বাংলাদেশী নামকরনের মাধ্যমে বাঙালিকে 'পণ্য' হিসেবে তারা চিহ্নিত করেছে বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির বলেন, "নতুন প্রজন্মের অনেকেই দেশের ৭ বীরশ্রেষ্ঠর নাম জানে না। এজন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের কাছে পৌঁছে দিতে হবে।"
চন্দ্রিমা উদ্যানের পাশে বীরশ্রেষ্ঠ চত্বর প্রতিষ্ঠার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি।
অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, "২০০৮ সালের নির্বাচনে নতুন প্রজন্ম যে ভোট বিপ্লব ঘটিয়েছে, তাকে সংরক্ষন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা চাই।"
সংগঠনের সহসভাপতি মাহবুব এলাহি রঞ্জু বীর প্রতীকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান, বড় বোন জামিলা আজাদ, রোজী কুদ্দুছ, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর হুমায়ুন কবির, শিল্পী মনোরঞ্জন ঘোষাল বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪২২ ঘ.
bdnews24