সিলেট, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলার অভিযোগে সিলেটে জামায়াত শিবিরের ৫/৬শ' জনকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ও সহকারী সেক্রেটারিসহ ৬৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। বাকীদের অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলা হওয়ার পর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
তারা হলেন- জয়নাল আবেদীন, সৈয়দ এহিয়া, রশিদ আহমদ, জয়নাল আহমদ ও তৈমুছ আলম।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় জামায়াত-শিবিরের একটি মিছিলে পুলিশ বাধা দেয়।
এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে চার পুলিশসহ ১০ জন আহত হয়।
কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) রকিবুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. সায়েফ আহমদ, সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম, মহানগর জামায়াত নেতা উবায়দুল হক শাহীনসহ ৬৩ জনের নাম উল্লেখসহ মঙ্গলবার রাতে মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে হাজির করা হয়। পরে আদালতের আদেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬৫৩ ঘ.
bdnews24