২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধীদের রক্ষায় কর্মসূচি করতে দেওয়া হবে না'

যুদ্ধাপরাধীদের সমর্থনে কাউকে কোন কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 09:07 AM

Updated : 25 Aug 2022, 05:13 PM

চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের সমর্থনে কাউকে কোন কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। সভায় প্রতিমন্ত্রী বলেন, "যে দল বা গোষ্ঠীরই হোক না কেন যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য কাউকে কোন কর্মসূচি করতে দেয়া হবে না। জনগণের দূর্ভোগ বাড়িয়ে মাঠে ময়দানে, মসজিদ-মাদ্রাসায় কেউ কোন কিছু করতে পারবে না।" যুদ্ধাপরাধীদের বিচারে কোন প্রকার বাধা বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, "কেউ চাইলে আইনের আশ্রয় নিতে পারে। দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা কঠোর হস্তে দমন করা হবে।" প্রতিমন্ত্রী বলেন, "বিচার ব্যাহত করতে যড়যন্ত্রকারীরা দেশে রাজনৈতিক ও পোশাক শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।" যড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলানো হবে বলে সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ অভিযান চালানোর নির্দেশ দিয়ে শামসুল হক টুকু বলেন, "মাদকসেবী, ব্যবসায়ী ও এদের চক্র ভেঙ্গে দিতে হবে। সর্বত্র মোবাইল কোর্টকে সক্রিয় করে অপারাধীদের ধরেই জেলে পাঠিয়ে দিতে হবে। যাতে আইনের ফাঁকফোকর দিয়ে এরা বের হয়ে না আসতে পারে।" দেশের সীমান্ত এলাকা দিয়ে যাতে মাদকদ্রব্য ঢুকতে না পারে সেজন্য বিডিআর সদস্যদের সতর্ক থাকতে বলেন তিনি। বাংলাদেশ রেলওয়ে মাদক পরিবহনে চোরাকারবারীদের সহজ মাধ্যম উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "এদের সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। সকল রুটে এদের চলাচল বন্ধ করতে হবে।" এছাড়া সাধারণ জনগন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভাল ব্যবহার ও সু সম্পর্ক গড়ে তুলে কাজ করার নির্দেশও দেন প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আসাদুজ্জামান মিয়া, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম, র‌্যাব-৭ এর অধিনায়ক সাজ্জাদ হোসাইন এবং পুলিশ, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিডিআর, কোস্ট গার্ড ও আনসার ব্যাটালিয়নের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/কেএমএস/১৫০৪ ঘ.