ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও সদস্য এ টি এম ফজলে কবীরের নিয়োগ ও দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর মঙ্গলবার আদেশ দেবে হাইকোর্ট।
রিট আবেদনটির ওপর সোমবার উভয়পক্ষের শুনানি গ্রহণ শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চ আদেশের এ দিন ধার্য করে।
শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, "সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সকল আদালত ও ট্রাইব্যুনালের ওপর হাইকোর্টের নিয়ন্ত্রণ ও তদারকি থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাইকোর্টের অধীনে। কিন্তু এ দু'জন বিচারপতি সেখানে হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন না। তারা সেখানে হাইাকোর্টের অধস্তন হিসেবে দয়িত্ব পালন করছেন। এটা সংবিধানের লঙ্ঘন।"
তিনি আরো বলেন, "রিট আবেদনটি কোনো বিচারের বিরুদ্ধে করা হয়নি।"
অষ্টম সংশোধনী মামলায় আপিল বিভাগের রায়ের নজির উল্লেখ করে ব্যারিস্টার রাজ্জাক বলেন, "ওই রায়ে বলা আছে-হাইকোর্টের সমান্তরাল কোনো আদালত প্রতিষ্ঠার অনুমতি সংবিধান দেয়নি।"
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "মানবতা বিরোধী অপরাধের জন্য এ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। মানবতা বিরোধী অপরাধের বিচার হলো আন্তর্জাতিক দাবি। ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক ও সদস্য এ টি এম ফজলে কবীরকে নিয়োগ দিয়ে কোনো বেআইনী কাজ করা হয়নি।"
গত ৪ জুলাই অ্যাডভোকেট নওয়াব আলী ও সাবেক সচিব এ এফ এম সোলাইমান চৌধুরী এ রিট আবেদনটি করেন।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য সরকার গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল এবং ট্রাইব্যুনাল গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭১৪ ঘ.
bdnews24