২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীদের আটকে ট্রাইব্যুনালে আবেদন

১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মো. কামারুজ্জামান ও কাদের মোল্লাকে আটকের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 07:38 AM

Updated : 25 Aug 2022, 04:53 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামী নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মো. কামারুজ্জামান ও কাদের মোল্লাকে আটকের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানানো হয়েছে। মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত আইনজীবী সংস্থার প্রধান গোলাম আরিফ টিপু রোববার সকাল সাড়ে ১০টার দিকে আবেদনটি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনূর ইসলামের কাছে জমা দিয়েছেন। ১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট এর ৩/২ ধারার অপরাধ তদন্তের স্বার্থে এ আবেদন জানানো হয়েছে। ওই ধারায় হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের কথা উল্লেখ রয়েছে। আবেদন জমা দেওয়ার পর গোলাম আরিফ টিপু পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেন, "এ চারজন যাতে পালিয়ে যেতে না পারে বা তদন্ত কাজে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেজন্য এ আবেদন করা হয়েছে।" আবেদনের শুনানি কবে হবে তা ট্রাইব্যুনাল নির্ধারণ করবে বলে তিনি জানান। এক প্রশ্নের জবাবে টিপু বলেন, "পল্লবী বা কেরানীগঞ্জের মুক্তিযোদ্ধা হত্যা মামলা নিয়ে আমরা ভাবছি না। আমাদের মূল দৃষ্টি ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধ নিয়ে।" প্রেস ব্রিফিংয়ে আইনজীবী প্যানেলের সদস্য সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ হায়দার আলী, আব্দুর রহমান হাওলাদার ও মোখলেসুর রহমান বাদল উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩২৭ ঘ.