ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার না হওয়া সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।
জামায়াতে ইসলামীর নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে আইজিপি বলেন, "যুদ্ধাপরাধের সঙ্গে যারা যুক্ত ছিল পুলিশ তাদেরকেই গ্রেপ্তার করেছে।"
আইজিপি নূর মোহাম্মদ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মন্ত্রণালয়ের সচিব আব্দুস সোবহান সিকদার উপস্থিত ছিলেন।
নূর মোহাম্মদ বলেন, "দেশের বিভিন্ন বিমান ও নৌ-বন্দরে পাঠানো তালিকা যুদ্ধাপরাধীদের পূর্ণাঙ্গ তালিকা নয়। এটি পুলিশের কাছে থাকা একটি প্রাথমিক তালিকা। যুদ্ধাপরাধের তদন্ত শেষেই কেবল পূর্ণাঙ্গ তালিকা করা সম্ভব হবে।"
তিনি আরো বলেন, "যাদের সন্দেহভাজন মনে হয়েছে, যারা জেলে আছেন বা যাদের এমন ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে-তাদেরই কেবল গ্রেপ্তার করা হয়েছে।"
বিডিন্উিজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/কেএমএস/১৬৩৮ ঘ.
bdnews24