ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও সদস্য এ টি এম ফজলে কবীরের নিয়োগ ও দায়িত্ব পালনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি শুরু হয়েছে।
রোববার দুপুরে বিচারপতি মামনুন রহমান ও সৈয়দা আফসার জাহানের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন।
গত ৪ জুলাই অ্যাডভোকেট নওয়াব আলী ও সাবেক সচিব এ এফ এম সোলাইমান চৌধুরী এ রিট আবেদনটি করেন।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ বিচারের জন্য তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল এবং ট্রাইব্যুনাল গত ২৫ মার্চ গঠন করে সরকার।
রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির আইনজীবী নেতা টি এইচ খান, জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিঞা, জয়নুল আবেদিন প্রমুখ।
শুনানিতে রাজ্জাক বলেন, "সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত। এটা বলতে বুঝায় আপিল ও হাইকোর্ট বিভাগ। ওই দুইজনেকে নিয়োগ দেওয়ার কারণে ট্রাইব্যুনালকে সুপ্রিম কোর্টের সমকক্ষ করা হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টকে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে যাওয়া হয়েছে। যা বিচার বিভাগের স্বাধীনতার চেতনার পরিপন্থী।"
তিনি আরও বলেন, এই নিয়োগের মাধ্যমে সংবিধানের ৯৪ (৩), ৯৯, ১০৯, ১৪৪, ১৪৭ (৩) অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারি অ্যাটর্র্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/১৭০৩ ঘ.
bdnews24