ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুদ্ধাপরাধীদের বিচারে সক্ষমতা বাড়াতে এশিয়ার দেশগুলোর সহযোগিতা চেয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।
মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে শনিবার সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে দু'দিনব্যাপী 'ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব সাইটস অব কনশানস' এর পঞ্চম এশিয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ সহযোগিতা চান জাদুঘরের ট্রাস্টি ড. সারওয়ার আলী।
নিউইউর্কভিত্তিক সংস্থাটির সহযোগিতায় মুক্তিযুদ্ধ জাদুঘর দুদিনের এই সম্মেলন আয়োজন করা হয়।
তিনি বলেন, "সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রতি আমাদের আহ্বান, আসুন একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যা, ধর্ষণ, অগ্নিকাণ্ডের শিকার হওয়া মানুষগুলোকে ন্যায়বিচার পেতে সহযোগিতার হাত বারিয়ে দেই।"
বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, নেপালের ১২টি যাদুঘর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করে।
ইন্টারন্যাশনাল কোয়ালিশন অব সাইটস অব কনশানস'র পরিচালক এলিজাবেথ সিলকেস বলেন, "আমার বিশ্বাস অতীতের ভয়াবহ নৃশংস ঘটনা থেকে শিক্ষা নিয়ে সুন্দর আগামী গড়তে পারলেই আমাদের এ সকল স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা সফল হবে।"
ড: সারওয়ার আলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, ভারতের সাবরমতি গান্ধী আশ্রমের অম্রুতভাই মোদি, কম্বোডিয়ার টুওল স্ল্যাং জেনোসাইড মিউজিয়ামের সোফেয়ারুম ছে সহ আরও অনেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসএএ/১৯৪৮ঘ.
bdnews24