লালমনিরহাট, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরের যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী ঘাতক-দালাল ও তাদের সহযোগীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে লালমনিরহাট জুড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলার প্রবেশদ্বার তিস্তা রেলওয়ে সেতু থেকে বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ সড়কের দুপাশে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ হাতে হাত রেখে এই কর্মসূচি পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, রাস্তায় রাস্তায় অনেক বাসযাত্রীকে বাস থেকে নেমে মানববন্ধনে অংশ নিতে দেখা গেছে।
৭১'র ঘাতক দালাল নির্মূল কমিটি, জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, জাসদ, কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, সেক্টর কমান্ডার ফোরাম, উদীচী, আইজীবি সমিতি, জেলা কলেজ শিক্ষক সমিতি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, রেলওয়ে শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এতে অংশ নেয় সদর উপজেলা, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, শ্রমিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচি সমন্বয় করে ঘাতক দালাল নির্মূল লালমনিরহাট জেলা কমিটি।
মানববন্ধনের সময় শহরের মিশন মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, কলেজ শিক্ষক সমিতির আহবায়ক অধ্যক্ষ আমিরুল হায়াত আহম্মেদ মুকুল, কমিউনিস্ট পাটির সভাপতি সিরাজুল ইসলাম খাঁন, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান, জাসদ (ইনু) সাধারণ সম্পাদক মশিউর রহমান, '৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক অধ্যাপক মোকতার হোসেন প্রমুখ।
এছাড়াও ৫টি উপজেলা সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে শতাধিক সমাবেশ হয়।
লালমনিরহাট সরকারি কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা কলেজ অধ্যক্ষ এ টি এম আব্দুল বারীর নেতৃত্বে মানববন্ধন শেষে ক্যাম্পাসের শহীদ মিনারে সমাবেশ করে।
যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাওয়ার শপথ নেয়। তারা জামায়াত-শিবির ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24