ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন, যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে তারা যাতে পালাতে না পারে সেজন্য সরকার একটি তালিকা বাংলাদেশে অবস্থিত সব বিদেশি মিশনে পাঠাবে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে দীপু মনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "কোনো যুদ্ধাপরাধী যাতে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সজাগ রয়েছে।"
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তালিকাভুক্ত (ওয়ানটেড) লোকদের ভিসা না দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব বিদেশি মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের নামের তালিকা পাঠানো হয়। এই তালিকার কাউকে ভিসা দেওয়ার আগে বিদেশি মিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মতামত জানতে চাওয়া হয়। তখন সরকার জানতে পারে বিদেশে যাওয়ার জন্য কে আবেদন করেছে।
'যুদ্ধাপরাধীদের' কোনো তালিকা পাঠানো হয়েছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এই ধরনের তালিকা এখনো পাঠানো হয়নি। পাঠানোর প্রক্রিয়ার মধ্যে আছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/কেএমএস/১৫৩৪ ঘ.
bdnews24