২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার: আইনজীবীদের গানম্যান দেবে সরকার

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের বিচারের জন্য নিযুক্ত আইনজীবীদের জন্য নিরাপত্তারক্ষী (গানম্যান) নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2010, 03:07 PM

Updated : 25 Aug 2022, 01:32 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের বিচারের জন্য নিযুক্ত আইনজীবীদের জন্য নিরাপত্তারক্ষী (গানম্যান) নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে যুদ্ধাপরাধের বিচার কাজের অগ্রগতি পর্যালোচনা বৈঠকের পর আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, "আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য নিযুক্ত আইনজীবীদের প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করতে গানম্যান নিয়োগ করা হবে।" তবে তদন্ত সংস্থার সদস্যরা কোনো গানম্যান পাবেন না জানিয়ে আইনন্ত্রী বলেন, "তদন্ত সংস্থায় যারা আছেন, তারা নিজেরাই নিজেদেরকে যে কোনো হুমকি থেকে রক্ষা করতে সক্ষম। এ বিষয়ে তাদের প্রশিক্ষণও রয়েছে।" মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচারের জন্য গত ২৫ মার্চ তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল এবং ট্রাইব্যুনালের সদস্য নিয়োগ করে সরকার। প্রধান বিরোধীদল বিএনপি গ্রেপ্তারকৃত জামায়াতের শীর্ষ তিন নেতার মুক্তির দাবিতে যে বিবৃতি দিয়েছে, সে প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, "যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার চাইবে। কোন দল তার বিচার না চেয়ে থাকলে তারা গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাসী নয় বলে ধরে নিতে হবে।" "আমরা আগেও বলেছি, এখনো বলছি যে- রাজনৈতিক কারণে কাউকে বিচার করা হচ্ছে না। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে স্পষ্ট বলা আছে কোন্ ধরণের অপরাধের বিচার হবে।" বলেন শফিক আহমেদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এই সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শেষ হবে। বিচার কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে কতটা এগিয়েছে তা বলা যাবে না। কেননা সেটা পরিমাপ করার কোন সুযোগ নেই।" সারাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে যেসব মামলা হয়েছে সেগুলোর বিচারের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেওয়ার সুপারিশ করেছে 'যুদ্ধাপরাধের বিচারে সহযোগিতার জন্য গঠিত ঢাকা সহায়ক মঞ্চ'। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, "ট্রাইব্যুনাল তার নিজস্ব আইন অনুযায়ীই চলবে। প্রত্যেককে তাদের নিজস্ব আইন অনুযায়ী চলতে দেওয়া উচিত।" বৈঠকে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্র ও আইন সচিব, যুদ্ধাপরাদের বিচারে গঠিত তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের সদস্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এসএএ/২১০১ঘ.