চট্টগ্রাম, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত শুরুর দাবিতে চট্টগ্রামে সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারে চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ।
তারা দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানান।
সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় মহল বিশেষ 'ষড়যন্ত্র ও চক্রান্তে' লিপ্ত রয়েছে। সব ষড়যন্ত্র প্রতিহত করে জাতিকে কলংকমুক্ত করতে একাত্তরের 'নরঘাতকদের' বিচারে আমরা ঐক্যবদ্ধ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, যুগ্ম সম্পাদক ইব্রাহীম হোসেন বাবুল, ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, আওয়ামী লীগ নেতা ইফতেখার সাইমুল চৌধুরী, জিয়াউদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩০৬ ঘ.
bdnews24