২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে চক্রান্ত করছে জামায়াত'

যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া ব্যাহত করতে জামায়াতে ইসলামী নানা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা অধ্যাপক কবীর চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 12:33 PM

Updated : 25 Aug 2022, 12:50 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া ব্যাহত করতে জামায়াতে ইসলামী নানা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা অধ্যাপক কবীর চৌধুরী। তিনি বলেছেন, হরকাতুল জিহাদ ও জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) মত জঙ্গি গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে তারা এ চক্রান্ত চালাচ্ছে। শনিবার বিকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ (২০১০-১১) ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, "জামায়াতে ইসলামী একাত্তরের ঘাতকদের বিচার প্রক্রিয়া ব্যাহত করতে হরকাতুল জিহাদ ও জেএমবির মত জঙ্গি দলগুলোকে সঙ্গে নিয়ে নানা চক্রান্ত করে যাচ্ছে। এই চক্রান্ত শুধু দেশের মাটিতেই সীমাবদ্ধ নেই, বিদেশেও প্রসারিত।" কবীর চৌধুরী আরো বলেন, "শুধু জঙ্গি দল নয়, তাদের পক্ষের রাজনৈতিক দল ও সন্ত্রাসীদের নিয়েও বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।" এ বিষয়ে সরকার ও জনগণকে সচেতন থাকার আহবান জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমার দৃঢ় বিশ্বাস অতি দ্রুত সময়ের মধ্যে সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করবে। তবে আমরা সরকারের ওপর চাপ সৃষ্টি করেই যাবো।" এর আগে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন কবীর চৌধুরী। ৪৬ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি করা হয়েছে বিচারপতি গোলাম রাব্বানীকে, নির্বাহী সভাপতি করা হয়েছে সাংবাদিক শাহরিয়ার কবীরকে। কাজী মুকুলকে সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট বায়েজিদ আক্কাসকে সাংগঠিনক সম্পাদক করা হয়েছে। এছাড়া অধ্যাপক কবির চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে পাঁচজনকে সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে। এরা হলেন, অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার ও ডা. সৈয়দ শাফিকুল ইসলাম। টাঙ্গাইলের অ্যাডভোকেট আব্দুস সালাম, ব্রাহ্মণব্রাড়িয়ার কবি জয়দুল হোসেন, রাজশাহীর প্রভাষক কামরুজ্জামান ও খুলনার মহেন্দ্রনাথ সেনকে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে চারজনকে। এরা হলেন, আব্দুর রব, চট্টগ্রামের সাংবাদিক শওকত বাঙালী, নীলফামারীর অধ্যাপক আব্দুল গাফ্ফার ও ফরিদপুরের সাংবাদিক মশিউর রহমান। কমিটিতে আরো রয়েছেন, অর্থ-সম্পাদক মমতাজ লতিফ, মহিলা বিষয়ক সম্পাদক শহীদজায়া সালমা হক, তথ্য ও গবেষণা সম্পাদক আলী আকবর চৌধুরী টাবী, প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরাফাত, প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহবুবুর রশিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাব্বির রহমান খান, আইন সম্পাদক ব্যারিস্টার তুরীন আফরোজ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক কাজী লুৎফর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শিরিন বানু মিতিল ও দপ্তর সম্পাদক মহব্বত হোসেন। কার্যনির্বাহী সদস্যরা হলেন- শিল্পী হাশেম খান, স্থপতি ও কবি রবিউল হুসাইন, খোন্দকার আব্দুল মালেক শহীদুল্লাহ (ময়মনসিংহ), আধ্যাপক মাহফুজা খানম, গোলাম মোহাম্মদ ইদু, অধ্যাপক আবুল বারাক আলভী, অধ্যাপক জারিনা রহমান খান, অ্যাডভোকেট খন্দকার আব্দুল মান্নান, সাংবাদিক জুলফিকার আলী মানিক, অধ্যাপক গাজী সালাহউদ্দিন (চট্টগ্রাম), ফজলুল হক, খায়রুল আলম বকুল, অ্যাডভোকেট হাবিবউল্লা চৌধুরী (কুমিল্লা), অ্যাডভোকেট শাফায়েত আহমেদ খান (নেত্রকোনা), অধ্যাপক তায়েশ উদ্দিন (গাজীপুর), চন্দন শীল (নারায়ণগঞ্জ), মো. আমিনুর জামান রিংকু (গাইবান্ধা), আনসার আহমদউল্লা (ইংল্যান্ড) এবং সঙ্গীত শিল্পী মহিউদ্দিন এম সফিকুল্লা আল-আমিন (আমেরিকা)। উপদেষ্টা কমিটিতে রয়েছেন, সঙ্গীত শিল্পী কলিম শরাফী, সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী, শিল্পী কাইয়ূম চৌধুরী, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, লেখক সৈয়দ শামসুল হক, সাংবাদিক কামাল লোহানী, অধ্যাপক অজয় রায়, কথাশিল্পী হাসান আজিজুল হক, অধ্যাপক অনুপম সেন, বিচারপতি কাজী এবাবুল হক, বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম, বিচারপতি এ কে বদরুল হক, সেক্টর কমান্ডার কর্ণেল (অব.) আবুল ওসমান চৌধুরী, ও ড. নুরুন্নবী (আমেরিকা)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/কেএমএস/১৮২৬ ঘ.