ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭৩ এর আইনেই আন্তর্জাতিক মান নিশ্চিত করে একাত্তরের যুদ্ধাপরাধের 'স্বচ্ছ ও নিরপেক্ষ' বিচার সম্ভব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী যুদ্ধাপরাধ বিচারে এ সংক্রান্ত ১৯৭৩ এর আইন কতটুকু সঙ্গতিপূর্ণ- তা নিয়ে আলোচনার জন্য ব্রিটিশ পর্লামেন্টের হাউজ অব লর্ডসে সেমিনার আয়োজনে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততার বিষয়ে সরকার কী পদক্ষেপ নিচ্ছে- জানতে চাইলে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।
ওই সেমিনারকে ঘিরে বিতর্ক নিয়ে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এ বিষয়ে সরকারের উদ্যোগ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, "আমরা সঠিক আইন দিয়েই যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছি। এ আইনে কোনো ঘাটতি নেই। লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আমরা যুক্তরাজ্য সরকারকে জানিয়েছি যে, এই আইন দিয়েই আর্ন্তজাতিক মানের স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার করা সম্ভব।"
বিকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শফিক আহমেদ আরো জানান, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘঠিত মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ তদন্তে গঠিত তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেল এখন থেকে প্রতি সপ্তাহে নিজেদের মধ্যে বৈঠক করবে।
এছাড়া আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে প্রতিদিনের তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে।
১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-এর আওতায় একাত্তরের যুদ্ধাপরাধ বিচারে বাংলাদেশ সরকার গত ২৫ মার্চ তিন সদস্যের ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেল নিয়োগ করে।
ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের সদস্যসহ কয়েকটি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে জিজ্ঞেস করা হলে শফিক আহমেদ বলেন, "সার্বিকভাবে তদন্ত সংস্থার কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা যাবে না।"
যুদ্ধাপরাধের তদন্তকাজে 'ধীরগতি' নিয়ে নানা মহলে উঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা ঠিক নয়, ৩৯ বছর পর যে বিচার হতে যাচ্ছে, তাতে একটু সময় লাগবেই। আমরা চাই না কোনও ফাঁক-ফোকর থাকুক।"
বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯০৩ ঘ.
bdnews24