২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ তদন্তে অগ্রগতি দাবি আইনমন্ত্রীর

একাত্তরের মানবতা বিরোধী অপরাধ বিচারের তদন্তকাজে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 11:45 AM

Updated : 25 Aug 2022, 10:40 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরের মানবতা বিরোধী অপরাধ বিচারের তদন্তকাজে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। যুদ্ধাপরাধ তদন্ত সংস্থার প্রধান আবদুল মতীনের পদত্যাগে তদন্তকাজে কোনো ব্যাঘাত ঘটেছে কিনা জানতে চাইলে বুধবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। শফিক আহমেদ বলেন, "তদন্তকাজে বেশ অগ্রগতি হয়েছে। আবদুল মতীনের পদত্যাগে তদন্ত কাজে কোনও ব্যাঘাত সৃষ্টি হবে না। তদন্তকাজ ভালো ভাবেই চলছে।" তবে তদন্ত প্রতিবেদন কবে নাগাদ প্রকাশ করা হবে সে সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "তদন্ত সংস্থাই তা বলতে পারবে।" স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতে ইসলামী সমর্থক ছাত্রদের সংগঠন ইসলামী ছাত্রসংঘের সঙ্গে তার কথিত সম্পর্কের খবর নিয়ে জোর বিতর্ক ওঠার পর গত ৫ মে আবদুল মতীন পদত্যাগ করেন। এর আগে গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে অভিযোগ করেন, আবদুল মতীন ছাত্রসংঘ করতেন। স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতে ইসলামী সমর্থক ছাত্রদের সংগঠন ইসলামী ছাত্রসংঘের কর্মীদের নিয়ে গঠিত আল-বদর বাহিনীর বিরুদ্ধে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যার অভিযোগ রয়েছে। গত মাসে আইনমন্ত্রী জানিয়েছিলেন, মে মাসের মধ্যেই কিছু সংখ্যক সন্দেহভাজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে। একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে গত ২৫ মার্চ ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল গঠন করে সরকার। এদিকে বুধবার দুপুরে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশনাল জাস্টিস (আইসিটিজে)-এর এশিয়া অঞ্চলের পরিচালক প্যাট্রিক বার্জেস এবং অপরাধ বিচার কর্মসূচির উপ-পরিচালক কেইটলিন রেইগার। এ ব্যাপারে শফিক আহমেদ জানান, বিভিন্ন দেশে মানবতা বিরোধী অপরাধ বিচারের অভিজ্ঞতা রয়েছে আইসিটিজের। তারা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিল ও বিচারের রায়ের কপি দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। ১৯৭১ সালে এদেশে 'বিশেষ পরিস্থিতি' বিরাজ করছিল মন্তব্য করে তিনি বলেন, স্বাভাবিক সময়ে সংঘটিত অপরাধের তুলনায় ওই সময়ে সংঘটিত হত্যা, ধর্ষণ, লুন্ঠনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের আঙ্গিকও ভিন্ন। কারণ, অপরাধগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে। তাই এসব অপরাধের তদন্ত প্রক্রিয়াও ভিন্নতর হবে জানিয়ে মন্ত্রী বলেন, "এসব অপরাধ বিচারের জন্য আমলে আনতে এবং সুষ্ঠু বিচারের স্বার্থে সুষ্ঠু তদন্তের জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আইসিটিজের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এইচএ/১৭৩৭ ঘ.