ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার দ্রুত শেষ করতে বলেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
এ বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হকসহ তার সহকর্মীরা বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ তাগিদ দেন।
বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাইব্যুনালের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে ট্রাইব্যুনালের বিভিন্ন দিক ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিভিন্ন উপাদান সম্পর্কে জানিয়েছেন।
রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা যুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধীরা এ দেশের ৩০ লাখ মানুষকে হত্যা করেছে। ইতিহাসে কোনো দেশের স্বাধীনতা যুদ্ধে এত মানুষ হত্যা করা হয়নি। মানবতাবিরোধী অপরাধী ও তাদের সহায়তাকারীদের বিচার আজ দেশবাসীর দাবি।
নিরাপরাধ কেনো ব্যক্তি যেন শাস্তি না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে বিচারকদের প্রতিও আহবান জানান রাষ্ট্রপতি।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান তাদের কার্যক্রম পরিচালনায় লোকবলসহ বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরলে রাষ্ট্রপতি এ বিষয়ে প্রয়োজনীয় পদপে নেওয়ার আশ্বাস দেন।
চেয়ারম্যানের সঙ্গে ছিলেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি এটিএম ফজলে কবীর ও একেএম জহির আহমেদ।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গত ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠন করে সরকার। একইদিন তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেলও গঠন করা হয়।
তবে একাত্তরে গণহত্যায় মদদদাতা বলে অভিযুক্ত একটি সংগঠনের সঙ্গে সম্পর্কের খবর নিয়ে জোর বিতর্ক ওঠার পর তদন্ত সংস্থার প্রধান আবদুল মতীন বুধবার পদত্যাগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭১৭ ঘ.
bdnews24