২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ২২ 'রাজাকারের' বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধেও সময় হত্যার অভিযোগে বাগেরহাটে দুটি পৃথক মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 12:43 PM

Updated : 24 Aug 2022, 08:56 PM

বাগেরহাট, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মুক্তিযুদ্ধেও সময় হত্যার অভিযোগে বাগেরহাটে দুটি পৃথক মামলা হয়েছে। বুধবার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মো. ইয়ারব হোসেনের আদালতে মামলা দু'টি দায়ের করেন মংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের আব্দুল আজিজ শেখ এবং বাজিকরের খণ্ড গ্রামের মৃধা মাহাতাব উদ্দিন। আদালত দু'টি মামলাই আমালে নিয়ে মংলা থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। দুই মামলায় ২২ জনকে আসামি করা হয়েছে। মামলায় তাদের রাজাকার বলে উল্লেখ করা হয়। এর মধ্যে বাজিকরের খণ্ড গ্রামের দুই সহোদর মৃধা নজরুল ইসলাম (৬৫) ও নিজাম উদ্দিন মৃধা (৬৯), আমজাদ ফকির (৬০), মো. শফি মৃধা (৫৮), মাদুরপাল্টা গ্রামের মোসলেম ফকির (৭৫), রজ্জব আলী সরদার (৭৭) ও ঢালির খণ্ড গ্রামের রহিম শেখকে (৬২) উভয় মামলাতেই আসামি করা হয়। আব্দুল আজিজ শেখের দায়ের করা মামলার অপর আসামিরা হলেন- মংলার সাহেবের মেঠ গ্রামের সিদ্দিক খান (৫৯), খালেক শেখ (৭০), দিগরাজ গ্রামের নিজাম হাওলাদার (৬০), বাজিকরের খণ্ড গ্রামের রাজ্জাক ফরাজী (৭৫), কাটাখালী গ্রামের হাকেম আলী (৬৫), মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া গ্রামের ইউসুফ আলী (৬৫), জিউধরা গ্রামের মোস্তফা মৃধা (৬৫), পাজাখোলা গ্রামের ইউসুফ ডিলার (৬০), খুলনা মহানগরীর নতুন বাজার এলাকার আবুল কালাম পাটোয়ারী (৬৫), পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার চিলতলা গ্রামের আব্দুল জলিল (৬৩) এবং মঠবাড়িয়া উপজেলার বড়শৈলা গ্রামের আব্দুল মোমিন হাওলাদার (৬২)। মৃধা মাহাতাব উদ্দিনের দায়ের করা মামলার অপর আসামিরা হলেন- মংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের নুরুল হক আকন (৬৫), মাদুরপাল্টা গ্রামের মো. তালেব ফকির (৬৫), খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মো. আলী মোল্লা (৬০) ও শাহাদাত মোল্লা (৬২)। আব্দুল আজিজ শেখের মামলার এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ১২ এপ্রিল বাদী এবং সুরুজ বৈরাগী, শচিন বৈরাগী, সহদেব রায় ও বাবুরাম মণ্ডল মাদুরপাল্টা গ্রামের করিম সরদারের বাড়িতে দিনমজুরের কাজ করছিলেন। দুপুরে তারা পাশের তেঘরিয়া গ্রামের নিবারণ বাছাড়ের বাড়ির পুকুর থেকে পানি আনতে গেলে নজরুল মৃধা ও নিজাম মৃধার নেতৃত্বে আসামিরা তাদের গুলি করে। এতে বাদীছাড়া অপর চারজন মারা যান। বাদীর পিঠে গুলিবিদ্ধ হয়। মৃধা মাহাতাব উদ্দিনের এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ১২ এপ্রিল বিকালে নজরুল মৃধা ও নিজাম মৃধার নেতৃত্বে আসামিরা বাজিকর খণ্ড গ্রামের প্রফুল্ল বৈরাগীর জমিতে কাজ করার সময় তাকে এবং মাদুরপাল্টা গ্রামের সুরাজ মল্লিক নামে আরেকজনকে গুলি করে। এতে সুরুজ মল্লিক নিহত হন এবং বাদী গুরুতর আহত হন। মংলা থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, মামলা দুটি এখনো থানায় পৌঁছেনি। এলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৫ ঘ.