২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে মুক্তিযোদ্ধার হত্যার অভিযোগে মামলা

মুক্তিযুদ্ধের সময় একজন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে বাগেরহাটে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2010, 03:13 PM

Updated : 24 Aug 2022, 08:51 PM

বাগেরহাট, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় একজন মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে বাগেরহাটে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ১৫ জনকে আসামি করা হয়েছে। সোমবার বিকালে বিচার বিভাগীয় হাকিমের আদালতে মামলাটি করেন শহীদ মুক্তিযোদ্ধা মুনসুর আলী নকিবের ভাগ্নে কচুয়া উপজেলার পানবাড়িয়া গ্রামের আব্দুল মান্নান শেখ। হাকিম মো. ইলিয়াস রহমান মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কচুয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন- কচুয়া উপজেলার যশোরদি গ্রামের ইদ্রিস মোল্লা (৬৫), রুস্তম মোল্লা (৬৩), আফসার দিদার (৭৬) মকসের দিদার (৭৪), ফজলুর রহমান দিদার (৬৯), ইনাম হোসেন খোকন (৭০), করিম দিদার (৫৯), মোরেলগঞ্জ উপজেলার মধ্যম তেলিগাঁতি গ্রামের সায়েদ শেখ (৬৪), আকরাম খাঁ (৭০) ও আব্বাস খাঁ (৭৪)। বাদি অভিযোগ করেন, ১৯৭১ সালে মুনসুর আলী নকিব বাগেরহাটের তেলিগাঁতি এলাকায় যুদ্ধরত ছিলেন। ওই বছর ৩০ নভেম্বর মুনসুর পাশের বিলকুল গ্রামে তার বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় আসামিরা মুনসুরের বাড়ি ঘেরাও এবং অগ্নিসংযোগ করে। হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকাররা তাকে ধরে নিয়ে যায় পাশের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বাজারে। সেখানে গুলি করে তাকে হত্যা করা হয়। কচুয়া থানার ওসি খায়রুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের আদেশের কাগজপত্র তিনি এখনো পাননি। পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১০৯ ঘ.