২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগপত্র মে মাসের মধ্যে: শফিক

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত 'কিছু' ব্যক্তির বিরুদ্ধে আগামী মাসের মধ্যেই অভিযোগপত্র দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2010, 10:08 AM

Updated : 24 Aug 2022, 08:50 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত 'কিছু' ব্যক্তির বিরুদ্ধে আগামী মাসের মধ্যেই অভিযোগপত্র দেওয়া হবে। রোববার সচিবালয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগীদের দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচারের জন্য গত ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠন করে সরকার। অভিযোগপত্র দেওয়ার কাজটি করবে তদন্ত সংস্থা। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ছাড়াও গঠিত তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের সদস্যরাও উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, "তদন্ত সংস্থার প্রধান আমাদের নিশ্চিত করেছেন আগামী মে মাসের মধ্যেই কিছু সংখ্যক ব্যক্তির বিরুদ্ধেঅভিযোগপত্র দাখিল করা হবে।" তবে ঠিক কতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে, তা স্পষ্ট করেননি তিনি। ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, আইন ও সালিস কেন্দ্র, মুক্তিযুদ্ধ যাদুঘর, বাংলা একাডেমী, জাতীয় জাদুঘরসহ কয়েকটি প্রতিষ্ঠান তদন্ত সংস্থার কাছে বিভিন্ন তথ্য প্রমাণ ও অপরাধীদের তালিকা ইতিমধ্যে দিয়েছে। মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে 'কিছু' সংখ্যক অভিযুক্তদের বিচার শুরু হবে। পাশাপাশি বাকিদের বিরুদ্ধেও তদন্ত করে পর্যায়ক্রমে তালিকা প্রকাশ করা হবে। বৈঠকের বিষয়ে শফিক বলেন, "তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেল গঠিত হওয়ার পর এ প্রথম আমরা এক সঙ্গে বৈঠক করেছি। তাদের মধ্যে সমন্বয়ের অভাব না থাকলেও তা যাতে আরও সুদৃঢ় হয় সে জন্য পরামর্শ দেওয়া হয়েছে।" স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "অপরাধের সঙ্গে জড়িত কাউকেই পালাতে দেওয়া হবে না। যারা পালিয়ে গেছেন, তাদেরও ধরে আনা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৭০০ ঘ.